নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় এক পরীক্ষার্থীর নামও জড়িয়েছিল। বর্তমানে অভিযুক্ত যশ যাদব তিহাড় জেলে রয়েছেন। জানা গিয়েছে, আগামী ২১ জুন নিট-ইউজি পুনঃপরীক্ষায় তিনি বসবেন। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক বিশাল গোগনে যশের অন্তবর্তীকালীন জামিনের আবেদনের শুনানিতে এ কথা জানিয়েছেন।
সূত্রের খবর, যশ যাদবকে নিট-ইউজি পরীক্ষা হেফাজতে থেকেই দিতে হবে। তবে ২২ জুন তিনি নিজের বোনের বিয়েতে উপস্থিত থাকার অনুমতি পেয়েছেন। বোনের বিয়েতে যাওয়ার জন্য আদালতে ১৫ দিনের অন্তবর্তীকালীন জামিনের আর্জি জানিয়েছিলেন যশ যাদব। তাঁর সেই আর্জি আংশিকভাবে আদালত মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এনটিএ যশ যাদবের পরীক্ষা দেওয়ার বিষয়ে কোনও আপত্তি জানায়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। অবকাশকালীন বেঞ্চের বিচারক বিশাল গোগনে জানিয়েছেন, অভিযুক্ত পরীক্ষার দিন যাতে সময়মতো পরীক্ষা দিতে যেতে পারেন এবং নির্দিষ্ট সময়মতো যাতে ফিরে আসতে পারেন, তা তিহাড় জেল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ৩ মে নিট পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার আগে নিটের প্রশ্নপত্র থেকে ১০০-র বেশি প্রশ্ন টেলিগ্রাম-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, কয়েকটি গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে রীতিমতো নিটের প্রশ্নপত্র কেনাবেচা হয়েছিল। মূলত টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করেই সেই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এর জন্য কর্তৃপক্ষ সেই সময়ে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছিল।
সেই সময়ে সিবিআই-এর তদন্তে ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে একজন ছিলেন যশ যাদব। অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই বিচারবিভাগীয় তদন্ত করছে। এরই মধ্যে যশ যাদবকে ফের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হল।