বাজেটের দিন ধস শেয়ার বাজারে, ১০ লক্ষ কোটি টাকার ক্ষতি

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশের দিনই বিরাট ধস দেশের শেয়ার বাজারে। গত ৬ বছরের মধ্যে এই বছরের বাজেটের দিনই সবচেয়ে বড় পতন দেখা দেয় সেনসেক্স ও নিফটি৫০-তে। এই পতনের ফলে বাজার থেকে প্রায় ১০ লক্ষ কোটি টাকা উধাও হয়েছে।

রবিবার বাজেট ঘোষণার আগে বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ খুলেছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা শুরুর পর লগ্নিকারীদের মধ্যে কিছু আশার দেখা দিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বাজেট চলাকালীনই সেনসেক্স ২ হাজার পয়েন্টের বেশি কমে যায়। বাজার বন্ধের সময় সেনসেক্স ১ হাজার ৫৪৭ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ কমে ৮০ হাজার ৭২২ পয়েন্টে এবং নিফটি৫০ ৪৯৫ পয়েন্ট বা ১.৯৬ শতাংশ কমে ২৪ হাজার ৮২৫ পয়েন্টে পৌঁছয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রবিবার নিফটি-এর সব সেক্টরাল ইনডেক্স কমেছে, শুধুমাত্র আইটি সেক্টর ছাড়া। নিফটি পিএসইউ ব্যাঙ্কের শেয়ার দর কমেছে ৫.৫৭ শতাংশ, নিফটি মেটাল কমেছে ৪.০৫ শতাংশ। এছাড়া অয়েল অ্যান্ড গ্যাস, ফিনানশিয়াল সার্ভিসেস, অটো, এফএমসিজি এবং রিয়েলটি সেক্টরেও ২ শতাংশের বেশি পতন হয়েছে।

সেনসেক্সে তালিকাভুক্ত ৩০টি সংস্থার মধ্যে মাত্র ৪টি স্টক দিনের শেষে পজিটিভ রয়েছে। টিসিএস, ইনফোসিস, সান ফার্মা ও টাইটান এই চারটি কোম্পানি। বাকিগুলোর মধ্যে এসবিআই, আদানি পোর্টস ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে।


২০২৬-২০২৭-সহ গত ৬ বছরে বাজেটের দিনে সেনসেক্সের পারফরম্যান্স তুলনামূলকভাবে যেমন ছিল –২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেটের দিনে সেনসেক্স কমেছে ১.৯৬ শতাংশ।২০২৫-২৬ অর্থবর্ষে সেনসেক্স ফ্ল্যাট ছিল, অর্থাৎ দিনের শেষে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ২০২৪-২৫ সালে সেনসেক্স ০.১০ শতাংশ কমেছিল, ২০২৩-২৪ সালে সেনসেক্স ০.৫০ শতাংশ কমে। তবে ২০২১-২২ অর্থবর্ষে সেনসেক্স ৪.৩০ শতাংশ বেড়েছিল।

বিশ্ব বাজারে অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে  দেশের শেয়ার বাজার জানুয়ারি মাস জুড়েই দুর্বল ছিল। ফেব্রুয়ারির প্রথম ট্রেডিং সেশনে পতনের প্রভাব আরও বেশি হয়। বিশেষজ্ঞদের মতে,  রবিবার শেয়ার বাজারে এমন বড় ধস শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বড় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।