শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে গ্রেপ্তার ৭ মৎস্যজীবী, তামিলনাড়ুতে বিক্ষোভ

ফের শ্রীলঙ্কার নৌবাহিনীর কড়া পদক্ষেপের জেরে তামিলনাড়ু উপকূলে উত্তপ্ত পরিস্থিতি। সীমানা অতিক্রমের অভিযোগে তামিলনাড়ুর রামেশ্বরমের ৭ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি যান্ত্রিক ট্রলার। এই ঘটনায় উপকূল জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে বিক্ষোভ।

মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার মাছ ধরার জন্য বহু নৌকাকে সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। গ্রেপ্তার হওয়া মৎস্যজীবীরা দুটি ট্রলারে করে নেদুন্তিভু দ্বীপের কাছে মাছ ধরছিলেন। সেই সময় শ্রীলঙ্কার নৌবাহিনী তাঁদের আটক করে। অভিযোগ, জলসীমা লঙ্ঘন করে মাছ ধরছিলেন তাঁরা। এরপর তাঁদের হেফাজতে নিয়ে শ্রীলঙ্কার একটি নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রামনাথপুরম জেলার থাঙ্গাচিমাদম এলাকায় বিক্ষোভ শুরু হয়। মৎস্যজীবীরা কার্ল মার্কসের মূর্তির সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। দ্রুত সহকর্মীদের মুক্তির দাবি তোলেন।

মৎস্যজীবী সংগঠনগুলির অভিযোগ, এই ধরনের গ্রেপ্তার বারবার হওয়ায় তাঁদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু পরিবার আর্থিক সংকটে পড়ছে। তাঁদের দাবি, সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রীয় সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন।


মৎস্যজীবীদের একজন নেতা বলেন, ‘দশকের পর দশক ধরে আমরা একই সমস্যার সম্মুখীন হচ্ছি। অথচ মাছ ধরা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।’ স্থানীয়দের অভিযোগ, ট্রলার বাজেয়াপ্ত হওয়ায় ঋণের বোঝা বাড়ছে। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। মৎস্যজীবীদের সংগঠন জরুরি বৈঠক ডেকেছে। ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।