দৈনিক অর্ধেকের বেশি উড়ান বাতিল, চরম দুর্ভোগে যাত্রীরা: টাকা জোগাড় করতে না পারলে এক সপ্তাহে বন্ধ হবে স্পাইসজেট

Half of the flights cancelled, SpiceJet is facing a terrific crisis (Image: Pexels/@Janam Parikh)

তীব্র অর্থ সঙ্কটে (cash shortage) জেরবার বেসরকারি বিমান সংস্থা ‘স্পাইসজেট’ (SpiceJet)। প্রয়োজনীয় নগদ জোগান না থাকায় বিপুল সংখ্যক বিমান বসিয়ে রাখতে হচ্ছে, ফলে প্রতিদিন নির্ধারিত সূচির অর্ধেকেরও বেশি উড়ান বাতিল করছে সংস্থাটি। যার জেরে দেশের বিভিন্ন বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী। সঙ্কট মোকাবিলায় বুধবার সংস্থার পরিচালন পর্ষদ ৫,৫০০ কোটি টাকা পর্যন্ত তহবিল সংগ্রহের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। তবে ‘দ্য ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, সংস্থার আধিকারিকদেরই একাংশ সতর্ক করে জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন তহবিল জোগাড় করতে না পারলে স্পাইসজেটের পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিতে হতে পারে।

৬৬টি উড়ানের অনুমতি, আকাশে উড়ছে মাত্র ১৫টি

বিমান চলাচল নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’ বা ডিজিসিএ (DGCA) চলতি শীতকালীন সূচিতে (winter schedule) স্পাইসজেটকে প্রতিদিন প্রায় ৬৬টি উড়ান চালানোর অনুমতি দিয়েছিল। কিন্তু বাস্তবে সংস্থাটি দিনে মেরেকেটে ১৫টি উড়ান চালাতে পারছে। অভিযোগ, এত সংখ্যক বিমান বাতিল হওয়া সত্ত্বেও স্পাইসজেট নিজেদের সম্পূর্ণ সূচির জন্যই টিকিট বুকিং চালিয়ে যাচ্ছে।<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>SpiceJet didn’t fly a single plane out of Mumbai for over 12 hours after 7 PM last night. Hundreds of passengers were stuck at the airport, shouting slogans at its counter. Its counters at Patna airport were mobbed by stranded flyers too. https://t.co/y9AP7vaAo5</p>&mdash; The Indian Idiot (@theindianidiot) <a href=”https://x.com/theindianidiot/status/2122888181812985878?ref_src=twsrc%5Etfw”>November 18, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>


সূত্রের খবর, সম্প্রতি লিজ়ে নেওয়া ছ’টি বিমান এখনও বসিয়ে রাখতে হয়েছে, কারণ লিজ়দাতা সংস্থাগুলির বকেয়া মেটাতে পারেনি স্পাইসজেট। তার ওপর বকেয়া না মেটানোয় গত সোমবারই স্পাইসজেটকে তিনটি বিমান লিজ় দেওয়া মলদোভার বিমান সংস্থা ‘ফ্লাইওয়ান’ (FLYONE) তাদের চুক্তি বাতিল করে দিয়েছে। ফলে বিমানের সংখ্যা আরও কমে গিয়ে পরিষেবা কার্যত ভেঙে পড়েছে।

উড়ান বাতিলে ক্ষুব্ধ যাত্রীরা

মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে স্পাইসজেটের অধিকাংশ উড়ান বাতিল হওয়ায় চরম নাকাল হন কয়েক হাজার যাত্রী। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন নেসলে সংস্থার এক কর্তা বিশ্বজিৎ ঘোষ। দ্বারভাঙা যাওয়ার জন্য ১০,৬০০ টাকা দিয়ে ওয়ানওয়ে টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছনোর পরে জানতে পারেন, তাঁর উড়ান বাতিল হয়েছে। লিঙ্কডইন-এ ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, অনুমোদিত সূচি অনুযায়ী টিকিট কেটেও যাত্রীদের উড়ান বাতিলের মাশুল গুনতে হচ্ছে। একটি বিমান সংস্থার টিকে থাকার মূল্য কি যাত্রীদের অধিকারের বিনিময়ে চোকাতে হবে?

ঋণ দিতে নারাজ ইয়েস ব্যাঙ্ক

ব্যাঙ্কের ঋণ না মেলায় স্পাইসজেটের আর্থিক জটিলতা আরও গভীর হয়েছে। সূত্রের খবর, আগে ঋণখেলাপের ইতিহাস থাকায় ‘ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম’-এর (ECLGS) আওতায় স্পাইসজেটকে ৩৫০ কোটি টাকা ঋণ দিতে অস্বীকার করেছে ইয়েস ব্যাঙ্ক। এই পরিস্থিতিতে গত সপ্তাহেই অসামরিক বিমান পরিবহন সচিব সমীর সিনহার সঙ্গে দেখা করেন স্পাইসজেটের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) অজয় সিংহ (Ajay Singh)। ব্যাঙ্কগুলির আর্থিক সহায়তা ছাড়া পরিষেবা চালিয়ে যাওয়া যে কঠিন হয়ে পড়বে, তা তিনি মন্ত্রককে জানিয়েছেন বলে খবর।

বুকিংয়ে নিষেধাজ্ঞা নয় কেন

নির্ধারিত সময়সূচি মেনে উড়ান চালাতে লাগাতার ব্যর্থ হওয়া সত্ত্বেও ডিজিসিএ এখনও স্পাইসজেটের টিকিট বুকিং বন্ধ করার নির্দেশ দেয়নি। তা নিয়ে বিমান পরিবহন মহল এবং ট্র্যাভেল এজেন্টদের মধ্যে তীব্র প্রশ্ন উঠেছে। সাধারণত কোনও সংস্থার উড়ানসূচি অনুমোদনের আগে তাদের বিমানের সংখ্যা, কর্মী পরিকাঠামো এবং পরিষেবা চালানোর সক্ষমতা যাচাই করে ডিজিসিএ। তা হলে যে উড়ান সংস্থাটি চালাতেই পারছে না, তার টিকিট বিক্রির অনুমতি কেন বহাল রাখা হয়েছে?

ডিজিসিএ-র এক শীর্ষ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সময়সূচি বজায় রাখতে না পারায় সংস্থাকে ইতিমধ্যেই কারণ দর্শানোর নোটিস (show-cause notice) পাঠানো হয়েছে। তবে পরিষেবা স্থগিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে। নিয়ামক সংস্থার আধিকারিকদের একাংশের মতে, এই মুহূর্তে বুকিং বন্ধের নির্দেশ দিলে স্পাইসজেট পুরোপুরি ঝাঁপ বন্ধ করতে বাধ্য হবে, সেই আশঙ্কা থেকেই কড়া পদক্ষেপ করতে দ্বিধা করছে সরকার।