ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে চলা বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন বাতিল হলে তার বিরুদ্ধে আপিল শুনতে একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ওই ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকবেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং তাঁর সঙ্গে প্রয়োজন অনুযায়ী একাধিক প্রাক্তন বিচারপতি থাকতে পারবেন। ট্রাইব্যুনালের সমস্ত ব্যয় বহন করবে জাতীয় নির্বাচন কমিশন।
শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ‘এখন আমরা এমন একটা পর্যায়ে এসে গিয়েছি যেখানে দুই পক্ষের সদিচ্ছা নিয়েই সন্দেহ তৈরি হচ্ছে।’ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে এই প্রক্রিয়ার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিষয়টি পর্যবেক্ষণ করবে শীর্ষ আদালত।
আদালতে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ইতিমধ্যেই বিপুল সংখ্যক আবেদন খারিজ হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৪ হাজার আবেদন বাতিল করা হয়েছে। ফলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিপুল সংখ্যক আপিল জমা পড়ার সম্ভাবনা রয়েছে।