লাদাখের পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে আটক রাখার সিদ্ধান্ত অবশেষে প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তা আইনের অধীনে জারি করা তাঁর আটকের সিদ্ধান্ত আর বলবৎ থাকবে না। ফলে প্রায় ৬ মাস পর মুক্তি পেতে চলেছেন তিনি। গত বছরের ২৬ সেপ্টেম্বর তাঁকে আটক করা হয়েছিল। এরপর থেকে তিনি যোধপুর কেন্দ্রীয় জেলে বন্দি ছিলেন।সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও চলছে। তারই মধ্যে তাঁকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, লাদাখে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার পরিবেশ বজায় রাখতে সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার পথ সুগম করা দরকার। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অশান্তি এড়াতে ওই সময় সোনমকে আটক করা হয়েছিল। একই সঙ্গে জানানো হয়েছে, লাদাখের বিভিন্ন সম্প্রদায় ও পক্ষের সঙ্গে কেন্দ্র নিয়মিত যোগাযোগ রাখছে। বনধ্ ও বিক্ষোভের ফলে পর্যটন, শিক্ষা এবং কর্মসংস্থানের মতো ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।