বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে সফটওয়্যারে ত্রুটি, প্রভাবিত হতে পারে ভারতে ৯৬টি বিমান

Photo: Statesman

বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের একটি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হয়েছে। নির্দিষ্ট পরিস্থিতিতে অবতরণের সময় এই ত্রুটির কারণে বিমানের অটো পাইলট মোড বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে বোয়িং। এই সমস্যায় ভারতের প্রায় ৯৬টি ৭৩৭ ম্যাক্স বিমান প্রভাবিত হতে পারে বলে জানা গিয়েছে।

ভারতের অভ্যন্তরীণ উড়ান সংস্থাগুলির মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় ৫৩টি এবং আকাসা এয়ারের ৪৩টি ৭৩৭ ম্যাক্স বিমান রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বিমান দুর্ঘটনার সঙ্গে এই সফটওয়্যার সমস্যার যোগসূত্র পাওয়া যায়নি। বোয়িং জানিয়েছে, গত মাসেই বিশ্বের সব ৭৩৭ অপারেটরকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে।

স্থায়ী সমাধানের জন্য একটি সফটওয়্যার আপডেট তৈরির কাজ চলছে। এর মধ্যে সেরকম পরিস্থিতি দেখা দিলে কীভাবে নিরাপদ বিমান পরিচালনা করতে হবে, সে বিষয়ে পাইলটদের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কোনও বিমান অবতরণের সময় রানওয়েতে নামতে না পেরে আবার আকাশে উঠে গেলে অর্থাৎ মিসড অ্যাপ্রোচ হলে নতুন করে উড়ানের পথ ঠিক করতে হয়। সেই নতুন পথ আগের পরিকল্পিত পথের থেকে আলাদা হলে কিছু ক্ষেত্রে স্বয়ংক্রিয় ফ্লাইট-গাইডেন্স ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।


তবে এতে পাইলটের হাতে বিমানের নিয়ন্ত্রণ তাকে। পাইলটরা ম্যানুয়ালি বিমান চালাতে পারেন। সতর্কতা হিসেবে মিসড অ্যাপ্রোচের পর সিস্টেম রিসেট করার পরামর্শ দিয়েছে বোয়িং। আকাসা এয়ার জানিয়েছে, তারা বোয়িংয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে। এর কারণে তাদের ৭৩৭ ম্যাক্স বিমানের পরিচালনার নিরাপত্তায় কোনও প্রভাব পড়েনি। তবে তাদের কোনও বিমানে এই সমস্যা ঘটেছে কি না, তা জানানো হয়নি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

সাম্প্রতিক এই ঘটনা এমন সময় সামনে এসেছে, যখন ভারতে বোয়িং বিমানের নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি চলছে। ২০২৫ সালের জুনে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন। এরপর বোয়িংয়ের ৭৮৭ সিরিজের বিমানগুলির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে অতিরিক্ত পরীক্ষা করা হয়। তবে ওই ৭৮৭ ড্রিমলাইনারের ঘটনাগুলির সঙ্গে নতুন ৭৩৭ ম্যাক্স সফটওয়্যার সমস্যার কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন: ইউপিআই-তে ২০০০-এর বেশি লেনদেনে এমডিআর, সুপ্রিম কোর্টে উঠল আইনি ভিত্তির প্রশ্ন

বোয়িং জানিয়েছে, স্থায়ী সফটওয়্যার আপডেট না আসা পর্যন্ত সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলিকে নির্দিষ্ট নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করতে হবে। বিশ্বজুড়ে ইতিমধ্যে ২ হাজচার ৪০০টিরও বেশি ৭৩৭ ম্যাক্স বিমান বিভিন্ন বিমান সংস্থার কাছে সরবরাহ করছে বোয়িং।