নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ইংরেজিতে ভুল! নিজেই স্বীকার করলেন শশী থারুর

ইংরেজি ভাষায় অসাধারণ দখলের জন্য পরিচিত কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর বক্তৃতা বা লেখায় ব্যবহৃত অনেক শব্দের অর্থ জানতে অভিধানের সাহায্য নিতে হয়, এমন উদাহরণও কম নেই। সেই থারুরই এবার ইংরেজিতে একটি ছোট্ট ব্যাকরণগত ভুল করে বসলেন, তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে।

১৭ সেপ্টেম্বর ছিল নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। রাজনৈতিক মহলের বহু নেতার মতোই তাঁকে শুভেচ্ছা জানান তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর। সমাজমাধ্যমে একটি পোস্ট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। আর সেই পোস্টেই চোখে পড়ে ইংরেজির ভুল।

 


 

শুভেচ্ছাবার্তায় থারুর লেখেন, ‘Warm greetings to Prime Minister @narendramodi in his 76th birthday।’ এখানেই আপত্তি তোলেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, ‘in his 76th birthday’-এর পরিবর্তে ব্যাকরণগত ভাবে সঠিক হবে ‘on his 76th birthday’।

অতি সামান্য সেই ভুল নিয়েই সমাজমাধ্যমে শুরু হয় চর্চা। থারুরের পোস্টের নীচে একের পর এক মন্তব্য আসতে থাকে। ইংরেজি ভাষায় তাঁর দখলের কথা উল্লেখ করে অনেকেই বিস্ময় প্রকাশ করেন, কী ভাবে এমন একটি সাধারণ ব্যাকরণগত ভুল তাঁর লেখায় থেকে গেল।

তবে সমালোচনা এড়িয়ে যাননি থারুর। বরং নিজেই ভুলটি মেনে নিয়েছেন। সংশোধন করে জানিয়ে দিয়েছেন, সেখানে ‘in’-এর বদলে ‘on’ ব্যবহার করা উচিত ছিল। দুর্ভাগ্যজনক ভাবে এমন ভুল হয়ে গিয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।

ফলে শশী থারুরের এই ছোট্ট ভুল এখন সমাজমাধ্যমে আলোচনার বিষয়। ঘটনা অবশ্য আরও এক বার মনে করিয়ে দিল, ইংরেজিতে যতই দখল থাকুক, ভুলের ঊর্ধ্বে কেউ নন।