জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টে মমতার উদ্যোগে সমর্থন কংগ্রেস-সহ একাধিক দলের

প্রতিনিধিত্বমূলক চিত্র

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রশ্নে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপকে সমর্থন করল একাধিক বিরোধী দল। বুধবার কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন বিজেপি-বিরোধী দল জানায়, বিষয়টি নিয়ে যৌথভাবে এগোনোর বিষয়ে তারা একসঙ্গে পদক্ষেপ করবে।

কংগ্রেস নেতা তথা এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বুধবার বলেন, ‘দেশের সব বিরোধী দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য একসঙ্গে পদক্ষেপ করবে।’ এই কংগ্রেস নেতার কথায়, ‘তৃণমূল ইতিমধ্যেই এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে, আমার মনে হয় গোটা বিরোধী শিবির তৃণমূলের উত্থাপিত সবচেয়ে প্রাসঙ্গিক এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা একে ইতিবাচক ভাবেই দেখছি।’ 

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত ইস্যুতে নির্বাচন কমিশনের ‘পক্ষপাতদুষ্টতা’র অভিযোগ তুলে মমতার অবস্থানকে সমর্থন করেছেন।যদিও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এ বিষয়ে মন্তব্য করতে চাননি। এক সংবাদ সংস্থা-কে তিনি বলেন,‘আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না।’  অন্য দিকে তৃণমূল সূত্রে খবর, দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে ইমপিচমেন্ট প্রস্তাবের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন মমতা। সিইসি-র সঙ্গে সাম্প্রতিক বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি প্রকাশ্যেই কড়া ভাষায় সমালোচনা করেছিলেন।


প্রসঙ্গত, মুখ্য নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। সংবিধান অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হলে অন্তত ১০০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা ৪১ হওয়ায় অন্য বিরোধী দলগুলির সমর্থনই এখানে গুরুত্বপূর্ণ।মনে করা হচ্ছে, এ ক্ষেত্রে তৃণমূল আগে ‘ইন্ডিয়া’ জোটের দলগুলির সাংসদদের সমর্থন চাইবে।

তাঁরা সই করলে বোঝানো যাবে যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল সক্রিয় ভূমিকা নিচ্ছে। আর কেউ সই না করলে, সেই দলগুলির বিজেপি-বিরোধী অবস্থান নিয়েই প্রশ্ন তুলতে পারবে তৃণমূল। শিবসেনা (ইউবিটি)-র নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও তৃণমূলের প্রস্তাবকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এই ইস্যুতে বিরোধী শিবিরের ঐক্য কতটা দৃঢ় হয়, সেটাই এখন দেখার।