মীনাক্ষী ভট্টাচার্য
দিল্লি, ২৪ ফেব্রুয়ারি– কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়ায় সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার উপদলনেতা সাগরিকা ঘোষ বিষয়টি নিয়ে সরব হন। তিনি জানতে চান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যখন নানা কারণে চ্যালেঞ্জের মুখে, তখন কেন সাহায্যের পরিমাণ কমানো হল।
সূত্রের খবর, গতবার বাংলাদেশের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ ছিল। এ বার তা কমিয়ে ৬০ কোটি টাকা করা হয়েছে। এই সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, চাবাহার বন্দরের জন্য বাজেটে কোনও অর্থ বরাদ্দ না করে সরকার আমেরিকার চাপে নতি স্বীকার করেছে।
বিদেশ মন্ত্রক বিষয়ক সংসদের স্থায়ী কমিটির বৈঠকে বাজেট নিয়ে আলোচনা চলাকালীন তিনি আরও বলেন, এক দিকে বাংলাদেশের বরাদ্দ কমানো হয়েছে, অন্য দিকে ভুটানের জন্য বরাদ্দ ২০০০ কোটিরও বেশি রাখা হয়েছে। শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণ দেখিয়ে এমন বৈষম্য করা ঠিক নয় বলেও তাঁর মত।
এছাড়া, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয় প্রবাসীদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে আরও বেশি অর্থ বরাদ্দের দাবি জানান সাগরিকা। তাঁর মতে, কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ। বরাদ্দ কমালে দেশের আন্তর্জাতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।