যশবন্ত সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল আরবিআইয়ের

প্রতীকী চিত্র

মহারাষ্ট্রের ফলতনে অবস্থিত যশবন্ত সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কটির পর্যাপ্ত মূলধন এবং আয় বৃদ্ধির সম্ভাবনা না থাকায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মঙ্গলবার ব্যবসার সময় শেষ হওয়ার পর থেকেই ওই সমবায় ব্যাঙ্কের সমস্ত ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বর্তমান আর্থিক অবস্থায় যশবন্ত সমবায় ব্যাঙ্ক তাদের আমানতকারীদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার অবস্থায় নেই। পাশাপাশি ব্যাঙ্কটিকে ভবিষ্যতেও চালু রাখলে সাধারণ মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই কারণেই ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন মেনে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়ার পর থেকে ব্যাঙ্কটি আর কোনও নতুন আমানত গ্রহণ করতে পারবে না। একইসঙ্গে গ্রাহকদের জমা অর্থ ফেরতের কাজও বন্ধ থাকবে। মহারাষ্ট্রের সমবায় দপ্তরের আয়ুক্ত ও নিবন্ধককে ব্যাঙ্কটি বন্ধ করে লিকুইডেটর নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।


তবে আমানতকারীদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। জানানো হয়েছে, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক আমানতকারী সর্বাধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুরক্ষা পাবেন। ব্যাঙ্কের জমা দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৯৯.০২ শতাংশ আমানতকারী তাঁদের সম্পূর্ণ জমা অর্থ ফিরে পাওয়ার যোগ্য বলে জানা গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, চলতি বছরের ২০ এপ্রিল পর্যন্ত মোট ১০৬.৯৬ কোটি টাকা ইতিমধ্যেই আমানতকারীদের বিমা দাবির ভিত্তিতে মিটিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত ১২ মে সর্বোদয় সমবায় ব্যাঙ্কের লাইসেন্সও বাতিল করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ফের এক সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে এমন পদক্ষেপে মহারাষ্ট্রের সমবায় ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দুর্বল আর্থিক কাঠামো এবং দীর্ঘদিনের অনিয়মের জেরেই একের পর এক ছোট সমবায় ব্যাঙ্কের অস্তিত্ব সংকটে পড়ছে।