অযোধ্যার রামমন্দির নিয়ে বড় ঘোষণা। আগামী ৩০ এপ্রিলের মধ্যে রামমন্দির নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মন্দির নির্মাণকারী কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। এই কাজে মোট খরচ হবে ১ হাজার ৯০০ কোটি টাকা।
রামমন্দির নির্মাণ কমিটির দু’দিনের বৈঠক শেষ হওয়ার পর কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, ‘লারসেন অ্যান্ড টুব্রো বা এল অ্যান্ড টি এবং টাটা কনসালটেন্সি, এই মন্দির নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে মন্দির নির্মাণ সম্পন্ন হয়ে গেলে, তারাও এই চত্বর ছেড়ে দেবেন।‘
৩০ এপ্রিলেই মন্দিরের সমস্ত কাগজপত্র এবং বিল পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তবে ৩০ এপ্রিল মন্দিরের কাজ সম্পন্ন হওয়ার পরেও এল অ্যান্ড টি-র একটি দল সেখানেই থাকবে বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর, রামমন্দিরে তৈরি প্রতিটি ভাস্কর্য ও ভবনের জন্য ৩ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। নির্মাণের পর কোনও সমস্যা যাতে না হয়, তা নিশ্চিত করতে এবং রক্ষণাবেক্ষণের কাজে একটি দল রামমন্দিরেই থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
এই দিন রামমন্দির তৈরির জন্য খরচ হওয়া অর্থের খতিয়ানও তুলে ধরেন রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি জানান, ‘মন্দির নির্মাণে এখনও পর্যন্ত আনুমানিক খরচ ১ হাজার ৯০০ কোটি টাকা। যার মধ্যে জিএসটি বাবদ ১ হাজার ৬০০ কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে। নির্মাণকাজের সঙ্গে যুক্ত কমিটি আলোচনার মাধ্যমে বাকি টাকাও প্রদান করে দেবে।‘