রাজস্থানের অনুজ অগ্নিহোত্রী ইউপিএসসিতে শীর্ষে, বাঙালি ৪১ নম্বরে

রাজস্থানের চিতোড়গড় জেলার রাওয়তভাটা শহরের তরুণ অনুজ অগ্নিহোত্রী দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। অনুজের সাফল্য শুধু রাজস্থান বা পরিবারকে গর্বিত করেনি, বরং হাজার হাজার পরীক্ষার্থীর কাছে হয়ে উঠেছে নতুন প্রেরণার উৎস।

শুক্রবার ইউপিএসসি ফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় মোট ৯৫৮ জন প্রার্থী অল ইন্ডিয়া গ্রুপ-এ সার্ভিসে যোগ্যতা অর্জন করেছেন। তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন অনুজ অগ্নিহোত্রী। অনুজের বাড়ি রাজস্থানের চিতোড়গড় জেলার রাওয়তভাটা শহরে, কোটার কাছে। ছোট শহরের সাধারণ পরিবেশেই বড় হয়েছেন তিনি। কিন্তু পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন অনুজ।

স্কুলের পাঠ শেষ হওয়ার পর অনুজ চিকিৎসা শিক্ষায় সুযোগ পান। তিনি ভর্তি হন দেশের অন্যতম সেরা মেডিক্যাল প্রতিষ্ঠান এইমস জোধপুরে। সেখান থেকে এমবিবিএস পাশ করেন। ২০২৩ সালে বাধ্যতামূলক ইন্টার্নশিপ শেষ করেন। ডাক্তার হিসেবে উজ্জ্বল ভবিষ্যৎ থাকা সত্ত্বেও তিনি অন্য পথ বেছে নেন। প্রশাসনের মাধ্যমে বৃহত্তর সমাজে কাজ করার স্বপ্ন থেকেই তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।


শুক্রবার প্রকাশিত ফলাফলে মোট ৯৫৮ জন প্রার্থী অল ইন্ডিয়া গ্রুপ–এ যোগ্যতা অর্জন করেছেন। প্রথম ২০ জনের মধ্যে কোনো বাঙালি শিক্ষার্থী স্থান পাননি। তবে মেধা তালিকার ৪১ নম্বরে রয়েছেন বাঙালি তরুণী সুদীপা দত্ত।

অনুজের এই সাফল্য সরকারি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করা তরুণদের মধ্যে ইউপিএসসির প্রতি বাড়তে থাকা আগ্রহকেও তুলে ধরেছে। দীর্ঘ অধ্যবসায়, নিয়মিত পরিশ্রম এবং দৃঢ় আত্মবিশ্বাসই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।