বোমা রাখা হয়েছে বলে হুমকি বার্তার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজস্থান হাই কোর্টে। সেই হুমকি পাওয়ার পরই দ্রুত আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের দপ্তরে একটি হুমকি বার্তা পৌঁছয় যে, আদালত ভবনের ভিতরে বোমা রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা কর্মীরা সতর্ক হয়ে যান এবং পুলিশ আদালত চত্বর ঘিরে ফেলে। সঙ্গে সঙ্গে আদালতের বিভিন্ন অংশ খালি করে দেওয়া হয়। সাধারণ মানুষ ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এরপর বোমা নিষ্ক্রিয়কারী দল, অনুসন্ধানকারী কুকুর এবং বিশেষজ্ঞ দল আদালত ভবনের প্রতিটি কোণায় তল্লাশি চালায়। আদালত কক্ষ, দপ্তর, প্রবেশপথ এবং পার্কিং এলাকা— সব জায়গাতেই খুঁটিয়ে তল্লাশি চালানো হয়। তবে শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘আমরা এই হুমকিটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছি। সমস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তল্লাশিতে কোনও বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি ভুয়ো হুমকি হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা এই হুমকি বার্তা পাঠিয়েছে, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। প্রযুক্তিগত তথ্য এবং অন্যান্য সূত্রের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আদালত চত্বরে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।