শুভেন্দুর সহকারী চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে গ্রেপ্তার হওয়া রাজ সিং-কে মুক্তি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর সিবিআইয়ের তদন্তে মুক্তি পাওয়া রাজ সিং এবার উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন। একই সঙ্গে তিনি সিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের প্রশংসাও করেছেন।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ সিং দাবি করেন, তাঁকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। তাঁর বক্তব্য, ‘এই ঘটনায় আমার কোনও ভূমিকা ছিল না। অযোধ্যার বিশেষ অভিযানকারী দল আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল। সেখানে আমাকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। জোর করে অপরাধ স্বীকার করানোর চেষ্টা চলছিল।’ তিনি আরও বলেন, ‘সত্যেরই জয় হয়েছে। আমি কোনও অপরাধ করিনি।’

রাজ সিংয়ের দাবি, জিজ্ঞাসাবাদের সময় থেকেই তিনি নিজের নির্দোষ হওয়ার কথা জানিয়ে এসেছিলেন। তদন্তকারীদের কাছে তিনি প্রমাণও পেশ করেন। তাঁর বক্তব্য, ‘ঘটনার সময় আমি কোথায় ছিলাম, তার সমস্ত তথ্য সিবিআইকে দিয়েছি। আমি ঘটনাস্থলে না থাকলে খুনের সঙ্গে কীভাবে যুক্ত হতে পারি?’


তিনি বলেন, সিবিআই গোটা ঘটনার গভীরে গিয়ে তদন্ত করেছে এবং নিরপেক্ষভাবেই কাজ করেছে। সেই কারণেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।

তবে একই সঙ্গে উত্তরপ্রদেশের বিশেষ অভিযানকারী দল এবং প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন রাজ সিং। তাঁর অভিযোগ, তদন্তে গাফিলতি ছিল এবং তাঁকে ইচ্ছাকৃতভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে। রাজ সিংয়ের কথায়, ‘এটা অত্যন্ত লজ্জার যে এই দেশে প্রশাসন একজন নির্দোষ মানুষকেও অপরাধী ভেবে নেয়।’

নিজেকে বিজেপির নেতা বলে পরিচয় দিয়ে তিনি দাবি করেন, তাঁর জনপ্রিয়তার কারণেই সহজে তাঁকে এই ঘটনায় জড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। রাজ সিং বলেন, ‘আমি জনসাধারণের জন্য কাজ করা একজন রাজনৈতিক কর্মী। কোনও অপরাধমূলক কাজের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’

এদিকে চন্দ্রনাথ রথ খুন কাণ্ডে তদন্ত চালিয়ে মঙ্গলবার পঞ্চম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ধৃতের নাম বিনয় রাই ওরফে পমপম রাই। বয়স প্রায় ৪০ বছর। উত্তরপ্রদেশের গাজিপুর জেলার জামানি এলাকার বাসিন্দা সে। তাকে বারাণসী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই। রাজ সিংয়ের অভিযোগ ঘিরেও নতুন বিতর্ক তৈরি হয়েছে।