কিছুদিন আগে প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন হয়েছে। পুরী, দিঘা-সহ একাধিক জায়গায় সগৌরবে জগন্নাথের স্নানযাত্রা পালিত হয়েছে। আগামী ১৬ জুলাই রয়েছে রথযাত্রা। সেই উৎসবকে কেন্দ্র করে পুরীতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার আসন্ন রথযাত্রার আগে পুরীতে ভারতীয় রেলের প্রস্তুতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সোমবার কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এর পাশাপাশি সেখানে ছিলেন রেলের শীর্ষ আধিকারিক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। রথযাত্রার সময়ে লক্ষ লক্ষ ভক্ত যাতে নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তা নিশ্চিত করতেই অশ্বিনী বৈষ্ণব এই পরিদর্শন করেছেন। রেলমন্ত্রী রথযাত্রা উপলক্ষে যাত্রী পরিষেবা, ভিড় নিয়ন্ত্রণ, ট্রেন চলাচল ও সামগ্রিক রেল পরিচালনার প্রস্তুতি খতিয়ে দেখেছেন।
রেলের শীর্ষ আধিকারিক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা রথযাত্রার জন্য নেওয়া বিভিন্ন ব্যবস্থা ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত রেলমন্ত্রীকে জানান। রেল সূত্রের খবর, চলতি বছর রথযাত্রা উপলক্ষে ৩০০টিরও বেশি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া পুরী স্টেশন এলাকায় একসঙ্গে ৩০ হাজারেরও বেশি ভক্তের জন্য হোল্ডিং এরিয়া তৈরি করা হচ্ছে।
রেল সূত্রের খবর, যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত টিকিট কাউন্টার, খাবারের ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাও রাখা হচ্ছে। এদিন পরিদর্শনের সময়ে রেলমন্ত্রী যাত্রীদের জন্য স্টেশন ও ট্রেনে থাকা বিভিন্ন সুযোগসুবিধা খতিয়ে দেখেন। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি রথযাত্রার সময়ে নির্বিঘ্নে রেল পরিষেবা চালানোর জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, তা নিয়েও তিনি আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন।
জানা গিয়েছে, রথযাত্রার সময়ে নিরাপদ ও সুষ্ঠু রেল পরিষেবা নিশ্চিত করতে কেন্দ্র ও ওড়িশা সরকারের যৌথ উদ্যোগে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনের আশা, এই ব্যবস্থার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত নির্বিঘ্নে পুরীতে রথযাত্রায় অংশ নিতে পারবেন।