বিএসপির প্রতিষ্ঠাতা কাশীরামকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানিয়ে মোদীকে চিঠি রাহুলের

প্রতিনিধিত্বমূলক চিত্র

সমাজকর্মী ও বহুজন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা কাশীরামকে মরণোত্তর  ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠিও লিখেছেন। যা রবিবার নিজের সমাজমাধ্যমে প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা।

চিঠিতে রাহুল গান্ধী কাশীরামকে সামাজিক ন্যায়ের এক অসামান্য সংগ্রামী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর কথায়, দলিত সমাজের অধিকার, মর্যাদা ও আত্মসম্মানের জন্য কাশীরাম আজীবন লড়াই করেছেন এবং তাঁদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সেই কারণেই দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন তাঁর প্রাপ্য বলে মনে করেন তিনি।

রাহুল গান্ধী চিঠিতে লিখেছেন, কাশীরাম শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন দলিত, শোষিত ও পিছিয়ে পড়া মানুষের পথপ্রদর্শক। সমাজের বহুজনের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং তাঁদের কণ্ঠস্বরকে মূলধারার রাজনীতিতে তুলে ধরতে তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তাঁর এই অবদান ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কাশীরামের জন্মদিন উপলক্ষে তাঁকে স্মরণ করার এটাই উপযুক্ত সময়। এই বিশেষ দিনে তাঁকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে রাহুল গান্ধী বলেন, এর মাধ্যমে শুধু কাশীরামকেই সম্মান জানানো হবে না, বরং সেই সব মানুষকেও সম্মান জানানো হবে যারা দলিতদের অধিকার ও মর্যাদার জন্য লড়াই করেছেন।

রাহুল আরও জানান, সম্প্রতি তিনি লখনউতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে উপস্থিত বহু নেতা, কর্মী এবং সাধারণ মানুষও কাশীরামকে ভারতরত্ন দেওয়ার দাবি জোরালোভাবে তুলেছেন। দীর্ঘদিন ধরেই দলিত বুদ্ধিজীবী, সমাজকর্মী ও রাজনৈতিক নেতারা এই দাবি জানিয়ে আসছেন বলেও তিনি উল্লেখ করেন।

চিঠির শেষে রাহুল গান্ধী বলেন, কাশীরামকে ভারতরত্ন প্রদান করলে তা তাঁর অসামান্য অবদানের যথাযথ স্বীকৃতি হবে। একই সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আকাঙ্ক্ষাকেও সম্মান জানানো হবে, যারা আজও তাঁকে ক্ষমতায়ন ও আশার প্রতীক হিসেবে দেখেন।