বিক্ষোভ চলাকালীন অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এই অভিযোগ

Image: SNS

বিক্ষোভ চলাকালীন অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলে সোমবার থেকে সরব হয়েছে বিজেপি। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক চাপানউতর। এবার ঘটনার মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন অভিযোগকারী সাংবাদিক রিচা পরাশর।

সোমবার বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি তাঁর এক্স হ্যান্ডেলে হাসপাতাল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে হাসপাতালের শয্যায় শুয়ে ঘটনার বিবরণ দিতে দেখা যায় সাংবাদিক রিচা পরাশরকে। বিজেপি মুখপাত্রের দাবি, দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে রাহুল গান্ধীর ধাক্কায় আহত হন ওই সাংবাদিক। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়।

 


 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিচা জানান, বিরোধীদের সুপ্রিম কোর্ট অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, রাহুল গান্ধীর দিকে মাইক এগিয়ে দিতেই সেটি সরিয়ে নিতে বলেন তিনি। রিচার দাবি, নির্দেশ মেনে মাইক সরিয়ে নেওয়ার পরই হঠাৎ তাঁর কাঁধ ধরে ধাক্কা দেন রাহুল। এর জেরে মাটিতে পড়ে যান তিনি। তাঁর উপর ক্যামেরাম্যান-সহ আরও দুই থেকে তিনজন পড়ে যান বলেও অভিযোগ করেন ওই সাংবাদিক। ঘটনায় গুরুতর চোট পেয়েছেন বলে জানান তিনি।

 

নিজেকে তিন মাসের অন্তঃসত্ত্বা বলেও জানান রিচা। তাঁর দাবি, চিকিৎসকের অনুমতি নিয়েই সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন তিনি। ঘটনার কথা বলতে গিয়ে মহিলা সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপের ইঙ্গিতও দেন।

এর পরেই ঘটনার মুহূর্তের ভিডিয়ো নিজের সমাজমাধ্যমের পাতায় প্রকাশ করেন রিচা। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাহুল গান্ধীর সামনে দাঁড়িয়ে রয়েছেন মহিলা সাংবাদিক। এর পর রাহুলকে হাত দিয়ে ভিড় সরানোর চেষ্টা করতে দেখা যায়। সেই সময়ই সাংবাদিককে বলতে শোনা যায়, “কেন ধাক্কা মারছেন?” রাহুল গান্ধীর নামও নিতে শোনা যায় তাঁকে। তবে ভিডিয়োয় ধাক্কা দেওয়ার মুহূর্তটি স্পষ্টভাবে দেখা যায় না।

ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ঘটনাটি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে সাংবাদিকের অভিযোগকে সামনে রেখে রাহুল গান্ধীকে নিশানা করছে বিজেপি, অন্যদিকে গোটা ঘটনার প্রেক্ষাপট ও ভিডিয়োয় দৃশ্যমান অংশ নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর।