ডিসিপি-র নির্দেশেই পেলেট গান চালিয়েছিল র‍্যাফ! রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Image: ANI

দিল্লিতে নিট আন্দোলনকারীদের সংসদ ভবন চলো অভিযান চলাকালীন রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সময়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ পেলেট গান থেকে ছররা গুলি ছুঁড়েছিল বলে অভিযোগ ওঠে। কিন্তু ছররা গুলি ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছিলেন দিল্লি পুলিশের কর্তারা। তবে দিল্লি পুলিশের এক ডিসিপি পদমর্যাদার অফিসারের নির্দেশেই র‍্যাফ ছররা গুলি ছুঁড়েছিল। পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি জেনারেল ডায়েরির নথিতে এই কথাই উল্লেখ করা হয়েছে। এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-র প্রতিবেদনে।

সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-র প্রতিবেদন অনুযায়ী, ২০ জুলাই রাতে থানায় একটি জেনারেল ডায়েরি জমা পড়েছিল। সেটি ওই সংবাদমাধ্যমের হাতে এসেছে বলে দাবি। যদিও এ ব্যাপারে দিল্লি পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। সেই সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্দোলনে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের জন্য ডিসিপি পদমর্যাদার একজন অফিসারের নির্দেশে র‍্যাফের এক ডেপুটি কমান্ড্যান্ট ৫৫ রাউন্ড নন ইলেকট্রিক্যাল শেল, ৫টি টিয়ার গ্যাসের শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল ও প্লাস্টিক পেলেট ভর্তি ২টি অ্যান্টি-রায়ট গান থেকে গুলি চালিয়েছিলেন।

এদিকে গোটা ঘটনাটাটি প্রকাশ্যে আসতে সোমবারই জানা গিয়েছিল, অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দিল্লির কনট প্লেসে র‍্যাফের এক জওয়ান পেলেট গান থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে সাত রাউন্ড ছররা ছুঁড়েছিলেন। এর মধ্যে পাঁচ রাউন্ড বিক্ষোভকারীদের গায়ে লাগে। দুই রাউন্ড লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এদিকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) সূত্রের খবর, পেলেট গান থেকে যে ছররা ছোঁড়া হয়েছে, তাতে তিন জন গুরুতর জখম হয়েছেন।


আরও পড়ুন: বিক্ষোভকারীদের আটকাতে পেলেট গান থেকে ৭ রাউন্ড গুলি ছোঁড়েন জওয়ান, তদন্তে সিআরপিএফ

সিজেপি সূত্রের খবর, তিনজন গুরুতর জখমের মধ্যে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যায়ের একজন ছাত্র সাহিল লোচাব। আউটলুক ম্যাগাজিনের একজন সাংবাদিক ও গুরুগ্রামে কর্মরত ইরশাদ খান। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সাহিল লোচাবকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ, পেলেট গানের আঘাতে তাঁর ডান চোখের মণি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও সরকারের তরফে এর আগে দাবি করা হয়েছিল, বিক্ষোভকারীদের আটকাতে শুধু লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। পেলেট গুলি ব্যবহার করা হয়নি। তবে এখন চারজন আন্দোলনকারী পেলেট গুলিতে বিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।