সুপ্রিম কোর্ট ২০০০ টাকার বেশি অঙ্কের ইউপিআই পার্সন-টু-মার্চেন্ট লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বসানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার উপরে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তবে নতুন ব্যবস্থা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র কাছে জবাব চেয়েছে আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনা। মামলাটি দায়ের করেছেন আইনজীবী অঞ্জন দত্ত। শুনানিতে আদালত মূলত জানতে চেয়েছে, এমডিআর-এর আইনি ভিত্তি কী? কেন্দ্রের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল এন. ভেঙ্কটরমন জানান, এই এমডিআর কোনও কর বা সরকার কর্তৃক আদায় করা ফি নয়। এই অর্থ ইউপিআই পেমেন্ট ব্যবস্থার মধ্যেই থাকবে এবং লেনদেন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার-সহ বিভিন্ন সংস্থার মধ্যে বন্টিত হবে।
কেন্দ্র, আরবিআই এবং এনপিসিআই-কে চার সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়মের মানে এই নয় যে ২০০০ টাকার বেশি প্রতিটি ইউপিআই পেমেন্টের জন্য গ্রাহকের কাছ থেকে আলাদা টাকা নেওয়া হবে। এমডিআর প্রযোজ্য হবে নির্দিষ্ট ধরনের পার্সন-টু-মার্চেন্ট (P2M) লেনদেনে। যোগ্য লেনদেনের ক্ষেত্রে সাধারণ এমডিআর নির্ধারণ করা হয়েছে ০.৪ শতাংশ। ৭৫ হাজার বা তার বেশি লেনদেনে এর সর্বোচ্চ সীমা ৩০০ টাকা। অর্থাৎ, কোনও ১০ হাজার টাকা লেনদেন এমডিআর-এর আওতায় পড়লে এমডিআর হবে ৪০ টাকা।
তবে এই অর্থ মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থার মধ্যেই প্রযোজ্য হবে। সরকার জানিয়েছে, গ্রাহকের কাছ থেকে আলাদা করে এই অর্থ নেওয়া যাবে না। ইউপিআই অ্যাপগুলিও নতুন কাঠামোর কারণে কোনও প্ল্যাটফর্ম ফি বা গোপন চার্জ নিতে পারবে না। ২ জন ব্যক্তির মধ্যে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনও এমডিআর থাকবে না। সেক্ষেত্রে লেনদেনের পরিমাণ যতই হোক। একইভাবে ২ হাজার পর্যন্ত মার্চেন্ট পেমেন্টও এমডিআর-এর আওতায় পড়বে না।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনের আবহে সার্বিয়ার প্রেসিডেন্ট পদ ছাড়লেন ভুচিচ
নির্দিষ্ট শ্রেণির ছোট ব্যবসায়ীরা কিউআর কোডের মাধ্যমে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত ইউপিআই পেমেন্ট গ্রহণ করলে শূন্য এমডিআর সুবিধা পাবেন। সরকারের হিসেব অনুযায়ী, প্রায় ৯৬ শতাংশ ইউপিআই মার্চেন্ট লেনদেনে নতুন কাঠামোর কোনও প্রভাব পড়বে না। এছাড়া রেল, টেলিকম, বিমা, জ্বালানি ও কৃষি-উপকরণের মতো নির্দিষ্ট ক্ষেত্রে ২ হাজার টাকার বেশি লেনদেনে ৫ টাকা এমডিআর নির্ধারণ করা হয়েছে। মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টকব্রোকার ও ডিলারদের মতো বড় মার্কেট –সংক্রান্ত লেনদেনে এমডিআর হবে ০..২ শতাংশ। সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত।