কেরলের জটায়ু আর্থ সেন্টারে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী

Image: ANI

‘রামায়ণ’ ছবি মুক্তির পর নতুন করে চর্চায় উঠে এসেছে কেরলের বিখ্যাত ‘জটায়ু আর্থ সেন্টার’। বিশেষ করে পাহাড়ের উপরে অবস্থিত জটায়ুর বিশালাকার ভাস্কর্যটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, খুব শীঘ্রই কেরলের কোল্লাম জেলার এই স্থানটি পরিদর্শন করতে পারেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগে জটায়ু আর্থ সেন্টারে যেতে পারেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তাঁর বক্তব্য, সম্প্রতি এই ভাস্কর্যের স্রষ্টা রাজীব আঞ্চলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শেখাওয়াত। সেই বৈঠকেই দিল্লি বিয়েনালে-তে জটায়ুর ভাস্কর্যকে তুলে ধরার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কেন্দ্রীয়মন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও জানিয়েছেন সুরেশ গোপী।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরেশ গোপী বলেন, শেখাওয়াত জটায়ুপাড়া পরিদর্শনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দিল্লি বিয়েনালে-তে জটায়ুর উপস্থিতি নিয়েও তাঁর আগ্রহ রয়েছে। এই প্রস্তাব সম্পর্কে প্রধানমন্ত্রীকেও অবহিত করা হয়েছে।


কোল্লাম জেলার চাদায়ামঙ্গলমে অবস্থিত জটায়ুর এই বিশাল ভাস্কর্যটি রামায়ণের এক গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। পাহাড়ের উপরে ডানা কাটা অবস্থায় পড়ে থাকা জটায়ুর অবয়ব সীতা হরণের কথা মনে করিয় দেয়। পৌরাণিক কাহিনি অনুযায়ী, রাবণের হাত থেকে সীতাকে রক্ষা করতে গিয়ে জটায়ু তাঁর সঙ্গে লড়াই করেছিলেন। সেই যুদ্ধে পরাজিত হয়ে রাবণের আঘাতে তাঁর ডানা কাটা যায়।

রামায়ণ ছবিতে রাবণ ও জটায়ুর যুদ্ধের দৃশ্য দেখানোর পর থেকেই এই পর্যটন কেন্দ্র নিয়ে আগ্রহ বেড়েছে বলে মনে করা হচ্ছে। ফলে নতুন করে আলোচনায় এসেছে কেরলের এই বিশেষ স্থাপত্য ও পর্যটন কেন্দ্র।

উল্লেখ্য, ২০০৪ সালে জটায়ু আর্থ সেন্টার প্রকল্পটি অনুমোদন পায়। জটায়ু নেচার পার্ক নামেও পরিচিত এই ইকো-ট্যুরিজম প্রকল্পের পরিকল্পনা ও নকশা তৈরি থেকে নির্মাণের দায়িত্বে ছিলেন চলচ্চিত্র পরিচালক ও ভাস্কর রাজীব আঞ্চল। রামায়ণের পৌরাণ চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রটি বর্তমানে কেরলের অন্যতম পরিচিত আকর্ষণ।