অমৃতসরে ডিউটিতে থাকা এএসআইকে গুলি করে খুন

Asansol Shootout Photo-SNS

ফের আততায়ীদের গুলিতে প্রাণ গেল পাঞ্জাব পুলিশের এক এএসআইয়ের। শুক্রবার ভোরে অমৃতসরের ভগতানওয়ালা শস্যবাজারের কাছে কর্তব্যরত অবস্থায় হরজিৎ সিংহ নামে ওই পুলিশ আধিকারিককে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়। বাইকে আসা দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর।

তরন তারন জেলার বাসিন্দা হরজিৎ গেট হাকিমা থানার অধীনে কর্মরত ছিলেন। শুক্রবার রাত ২টো নাগাদ টহলদারি শেষে ফেরার সময় ভগতানওয়ালা শস্যবাজারের ২ নম্বর গেটের কাছে হামলার মুখে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। হামলার উদ্দেশ্য এবং কারা এর পিছনে রয়েছে তা জানার চেষ্টা চলছে। হামলার কিছুক্ষণের মধ্যেই তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান নামে একটি জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে বলে খবর। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, পাঞ্জাব পুলিশ এখনও ঘটনাটিকে জঙ্গি হামলা বলে মানতে নারাজ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার কারণ স্পষ্ট নয় বলেই জানিয়েছে পুলিশ।


হরজিৎ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। একটি বেসরকারি ব্যাঙ্কের বিমা বাবদ আরও ১ কোটি টাকা পরিবারটি পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, কর্তব্য পালন করতে গিয়েই প্রাণ দিয়েছেন হরজিৎ। তাঁকে পূর্ণ পুলিশ সম্মান দেওয়া হবে।

এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি নেতা তরুণ চুঘের অভিযোগ, পাঞ্জাবে পুলিশেরাও নিরাপদ নন। অকালি নেতা বিক্রম সিংহ মজীঠিয়াও পুলিশকর্মীদের উপর হামলার প্রসঙ্গ তুলে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, চলতি বছরেই একাধিক এএসআই আততায়ীদের হামলায় নিহত হয়েছেন। ৩০ অগস্ট অমৃতসরে এএসআই পবন কুমার এবং তার আগে মে মাসে এএসআই জোগা সিংহ খুন হন। ১১ সেপ্টেম্বর ভল্লা পিন্ড এলাকায় আরও এক এএসআইকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তার কয়েকদিনের মধ্যেই ফের এএসআই খুনের ঘটনায় পাঞ্জাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।