আত্মনির্ভর ভারত এবং দেশের নিরাপত্তায় সামরিক সাফল্যের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে জানান, জুন মাসে সামরিক ক্ষেত্রে ভারত অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যা দেশকে গর্বিত করবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন সংকটের পরিস্থিতি চলছিল। তাই জ্বালানি সাশ্রয় এবং আপাতত সোনা কেনা কমানোর পরামর্শ দিয়েছিলেন। তাতে দেশবাসী সাড়া দিয়েছেন বলে রবিবার তাঁদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে নরেন্দ্র মোদীর মুখে উঠে এল কলকাতার কথাও।
চলতি জুন মাসে দেশের মাটিতে তৈরি প্রথম সি-২৯৫ সামরিক পরিবহণ বিমানের সফল উড়ান এবং ডিআরডিও-র দেশীয় প্রযুক্তিতে তৈরি লং-রেঞ্জ ল্যান্ড-অ্যাটাক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার ভূয়সী প্রশংসা করেন। আর তখনই মন কি বাতের ১৩৫তম পর্বে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দেশবাসীর কাছে কিছু আর্জি জানিয়েছিলাম। আমি কৃতজ্ঞ যে, সকলে আমার আহ্বানে সাড়া দিয়েছেন। এমনকী তাঁরা সক্রিয়ভাবে সহযোগিতাও করেছেন। অনেক পরিবার এবার বিয়ের মরশুমেও সোনা কেনেননি।’
এদিকে প্রধানমন্ত্রী তাঁর জুন মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই মাসের শুরুর দিকে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়-এর অন্তর্ভুক্তির বিষয়টিও উল্লেখ করেছিলেন। এবার প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘২০২৬ সালের অর্ধেক সময় শেষ হয়ে গেল। গত ৬ মাস ধরে আমরা ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমাদের দেশবাসীর বহু সাফল্যের বিষয়ে আলোচনা করেছি। জুন মাসেও দেশ এমন কিছু সাফল্য অর্জন করে যা প্রত্যেকটি নাগরিককে গর্বিত করবে। এই সাফল্যগুলি দেশের নিরাপত্তা এবং আত্মনির্ভরশীলতার সঙ্গে যুক্ত।’
অন্যদিকে প্রধানমন্ত্রী জানান, তাঁর কথা শুনে অনেকে বিদেশ ভ্রমণও বাতিল করেছেন। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার খিদিরপুর থেকে ভারতীয় নৌসেনায় তিনটি রণতরীর সংযুক্তিকরণ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি কলকাতায় নৌবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল। সেখানে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যুদ্ধজাহাজগুলির নকশা থেকে শুরু করে নির্মাণ প্রক্রিয়া সবকিছুই দেশীয় প্রযুক্তিতে হয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং মহাকাশ গবেষণা ক্ষেত্রে নতুন গতি পাচ্ছে। কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। আত্মনির্ভর ভারতের সংকল্পকে আরও শক্তিশালী করছে। এই মাসে ডিআরডিও-র একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি লং-রেঞ্জ ল্যান্ড-অ্যাটাক ক্রুজ মিসাইল-এর সফল পরীক্ষা চালিয়েছে। এটি ডিআরডিও-র গবেষণাগার এবং ভারতের শিল্প-অংশীদারদের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে ৷ অর্থাৎ, সমুদ্র থেকে আকাশ সর্বত্রই আমাদের ভারত ক্রমশ আরও বেশি সুরক্ষিত এবং স্বনির্ভর হয়ে উঠছে।’