নয়াদিল্লিতে সেবা সংকল্প অভিযানের মঞ্চ থেকে দেশের বিশ্ব জয় করার নতুন স্লোগান তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসক হিসেবে টানা ২৫ বছর কাজ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কার্যকালের মাইলফলক উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে নতুন উদ্যমে স্লোগান দেন, উই উইল ডু ইট! গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তারপর দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। টানা তিনবার জিতে এসেছেন জাতীয় রাজনীতির অলিন্দে। সব মিলিয়ে একটা বড় রাজনৈতিক জীবনের অধ্যায় রয়েছে তাঁর। এবার এই উচ্চতায় পৌঁছনোর সব কৃতিত্ব দিলেন জনগণকে। গোটা দেশকে এক নতুন প্রতিজ্ঞায় আবদ্ধ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
এদিকে নিজেকে যে দেশের একজন সেবক মনে করেন সে কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। আর আগামী দিনেও দেশের মানুষের সেবা করে যাবেন তিনি বলে জানিয়ে দিয়েছেন জাতির উদ্দেশে ভাষণে। বুধবার ইন্দিরা গান্ধী স্টেডিয়াম থেকে জনতার উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দেশবাসীকে মাথানত করে প্রণাম জানাচ্ছি। হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ২৫ বছর ধরে সেবা করছি। গত ২৫ বছরে একাধিক বিধানসভা, লোকসভা নির্বাচনের সাক্ষী হয়েছি। প্রত্যেকবার জনতা সেবক হিসেবে আমাকে বেছে নিয়েছে। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যখন শপথ নিয়েছিলাম, তখন ভাবতে পারিনি, কখনও এই পর্বে আসব। সবই জনতা-জনার্দনের আর্শীবাদের ফল।’
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল স্বামী বিবেকানন্দের কথা। প্রশাসক হিসেবে ২৫ বছর সম্পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেটার উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগে কোনও অ্যাম্বিশনের জন্য নয়, মিশনের জন্য ময়দানে নেমেছিলাম। যা দায়িত্ব দেওয়া হয়েছে, পালন করেছি। কর্মকে আমি কর্তব্য মনে করি। দেশবাসীকে মাথানত করে প্রণাম জানাচ্ছি। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যখন প্রথম শপথ নিয়েছিলাম, তখন কল্পনাও করতে পারিনি যে এই দীর্ঘ পথ অতিক্রম করতে পারব। আপনাদের নিঃশর্ত আশীর্বাদই আমার চালিকাশক্তি। সবই আপনাদের আশীর্বাদ। আজ বিনায়ক মন্দিরে দেশবাসীর জন্য প্রার্থনা করেছি। কোটি কোটি দেশবাসীর আস্থা এবং কর্মীদের পরিশ্রমের ফল। ২৫ বছরে অভিজ্ঞতার ঝুলি সম্পূর্ণ। রাষ্ট্রের সেবায় নিজেকে কখনও একা বলে মনে হয়নি। সব সময় কর্মীদের পাশে পেয়েছি। প্রত্যেক ঘটনা থেকে শিক্ষা পেয়েছি। আমি নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি। কর্মই আমার ধর্ম। আমরা অগ্নিসন্তান।’
তাছাড়া প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তির মুহূর্ত এমন এক সময়ে এল, যখন বিজেপি সরকার গত কয়েক বছরের মধ্যে অন্যতম কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়ে রয়েছে। আর তার মধ্যেই প্রধানমন্ত্রীর বার্তা, ‘আমার এই দীর্ঘ প্রশাসনিক যাত্রার প্রত্যেকটি পদক্ষেপে দেশের সব দলীয় কর্মী এবং দেশবাসীর সমর্থন ছিল অসামান্য। আজকের এই বিশেষ দিনটি শুধু অতীতের স্মৃতিতে ভেসে যাওয়ার দিন নয়। এটি আমাদের পুরনো অঙ্গীকারকে নতুন শক্তিতে ভরিয়ে তোলার দিন। এই দিনটি জোর গলায় সেই প্রতিজ্ঞাকে পুনরায় নিশ্চিত করার দিন। ২০৪৭ সালের মধ্যে আমরা একটি বিকশিত ভারত গড়ে তুলবই। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত। আত্মনির্ভর ভারতই আমাদের লক্ষ্য। উই উইল ডু ইট। সমালোচনা যাঁরা করেছেন তাঁদেরকেও ধন্যবাদ। সমালোচনা থেকে অনেক শিক্ষা নিয়েছি। এখনও নিজেকে শিক্ষার্থী মনে করি। আমি ব্যক্তিগতভাবে কোথায় পৌঁছেছি, সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশ কোথায় পৌঁছেছে, সেটাই সবচেয়ে বড় কথা। দেশের মানুষের অকৃত্রিম ভালবাসা থাকলে সব অসম্ভব সম্ভব হয়। যা কিছু করেছি, এই দেশের মানুষের জন্যই করেছি। দেশের জন্য বাঁচতে হবে। আজ থেকে শপথ নিতে হবে, রাষ্ট্র প্রথম। ভারত যতদিন না বিকশিত হচ্ছে ততদিন থামব না, দায়িত্ব থেকে সরব না।’