দেশের প্রধানমন্ত্রী কতক্ষণ ঘুমান? রাজ্যসভার নয়া সাংসদদের পাঠ দিয়ে জানালেন অজানা তথ্য

PM Modi Photo-SNS

তিনি দেশের প্রধানমন্ত্রী। গোটা দেশের ভাবনা তাঁর। বিদেশেও যেতে হয় দেশের স্বার্থে। সংসদে যেতে হয় দেশের উন্নয়নের কথা জানাতে। আবার বিরোধীদের সমালোচনার মুখে পড়েও তাঁদের ক্ষমাসুন্দর মনোভাবে জবাব দেন। দেশের সুরক্ষা থেকে অর্থনীতি সব নিয়ে দফায় দফায় বৈঠক করতে হয়। তার সঙ্গে দলের সাংসদদের কথাও ভাবতে হয়। মন্ত্রীসভা চালিয়ে নানা পরিকল্পনা করতে হয়। এতকিছুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতক্ষণ ঘুমান? এই প্রশ্ন অনেকেরই অজানা। এবার দেশের চিন্তার স্বার্থে মাত্র কয়েক ঘণ্টার ঘুম দেওয়ার তথ্য সামনে আনলেন প্রধানমন্ত্রী।

রাজ্যসভায় এনডিএ-র নতুন সাংসদরা এসেছেন। তাঁদেরকে পাঠ দিতে উদ্যোগী হন তিনি। এবার রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করতে গিয়ে তিনটি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র প্রায় ৩০ জন সাংসদকে নিয়ে প্রাতঃরাশ করেন নরেন্দ্র মোদী। সেখানেই তিনি তাঁর জীবনের নানা কথা তুলে ধরে জানান, মাত্র তিন ঘণ্টা ঘুমান। এই সামান্য ঘুম দিয়েই বাকি সময়টা দেশের কাজে নিয়োজিত করেন। এখানে ৩০ জন সাংসদের মধ্যে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। বিহারের প্রাক্তন মন্ত্রী নবীন এখন রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন।

এখানেই শেষ নয়, তিন ঘণ্টা ঘুমানোর পাশাপাশি তিনটি পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় নির্বাচিত হওয়া নতুন সাংসদদের দেওয়া তিনটি পরামর্শের মধ্যে রয়েছে-এক, সাংসদদের লেটারহেডের অপব্যবহার করা চলবে না। দুই, ফোনে কথা বলার সময় কারও সঙ্গে দুর্ব্যবহার না করা এবং তিন, সংসদের অন্য সদস্য, তিনি যদি বিরোধী দলের সদস্যও হন তাহলেও তাঁর কাছ থেকে সংসদীয় রীতিনীতি শিখতে হবে। এই পরামর্শগুলি প্রধানমন্ত্রী দিয়েছেন বলে সূত্রের খবর। সাংসদদের মোদী বলেন, ‘বিছানায় শোয়ার মাত্র আট সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়ি। দিনে মাত্র তিন ঘণ্টা ঘুমোই। বিমান ওঠার পর আমি যে দেশে যাচ্ছি, সেই দেশের সময় অনুযায়ী ঘড়ির কাঁটাকে ঠিক করে নিই। এভাবেই আমি সমস্যার মোকাবিলা করি।’


তাছাড়া যে কোনও কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য মনঃসংযোগ বৃদ্ধির উপরে জোর দেন প্রধানমন্ত্রী। রাঘব চড্ডা, হরভজন সিং. সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক তাঁর সঙ্গে ছিলেন। এঁদেরকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এই নতুন সাংসদদের সঙ্গেই বুধবার বৈঠকও করেন। সেখানেই নরেন্দ্র মোদী তাঁদের বলেন, ‘এখন আমি আপনাদের সঙ্গে রয়েছি। আমি এখন অন্য কিছু ভাবছি না। আমি এই মুহূর্তটায় বাঁচছি।’