দেশের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, ভিডিওবার্তার মাধ্যমে দেশবাসীর উদ্দেশে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে প্রকাশিত ওই বার্তায় তিনি জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করে তুলতেই এই উদ্যোগ। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে তৈরি এই কমিটি বর্তমান ব্যবস্থার পর্যালোচনা করে সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে।
জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএর পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত এই টাস্ক ফোর্সে রয়েছেন ৬ জন বিশেষজ্ঞ। নন্দন নিলেকানি ছাড়াও কমিটিতে রয়েছেন প্রাক্তন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, প্রাক্তন আইবি ডিরেক্টর তপন ডেকা, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃত লাল মিনা।
কেন্দ্র জানিয়েছে, পরীক্ষা পরিচালনার পদ্ধতি, প্রযুক্তিগত পরিকাঠামো এবং এনটিএর কাঠামোগত পরিবর্তনের বিষয়ে এই বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা ও পড়ুয়াদের আস্থা ফেরানোই এই কমিটির মূল লক্ষ্য।
সম্প্রতি নিট-সহ একাধিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এনটিএর ভূমিকা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে পরীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার পদক্ষেপ হিসেবে এই টাস্ক ফোর্স গঠন করল কেন্দ্র।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নফাঁস রুখতে ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪’-এর সংশোধনী আনার কথাও জানিয়েছেন তিনি। সংশোধিত আইন এবং টাস্ক ফোর্সের সুপারিশের মাধ্যমে দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।