দেশজুড়ে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। গত ন’দিনে এই নিয়ে তৃতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল। শনিবার সকাল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৯৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৯৫ পয়সা। ফলে শহরে বর্তমানে এক লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১১০ টাকা ৬৪ পয়সা, আর ডিজেলের নতুন দাম ৯৭ টাকা ২ পয়সা।
মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে। এর আগে গত মঙ্গলবারও পেট্রল ও ডিজেলের দামে বৃদ্ধি হয়েছিল। লাগাতার মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে পরিবহণ ক্ষেত্রেও। বাস মালিক সংগঠনগুলি ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর দাবি তুলে সরকারের কাছে আবেদন জানাতে শুরু করেছে।
শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য মহানগরীতেও বেড়েছে জ্বালানির দাম। দিল্লিতে পেট্রলের দাম লিটারপিছু ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বেড়েছে। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়েছে ৯০ পয়সা, ডিজেলের দাম ৯৪ পয়সা। অন্যদিকে চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮২ পয়সা ও ৮৭ পয়সা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, ১৫ মে থেকে ২৩ মে-র মধ্যে মাত্র ন’দিনে পেট্রল ও ডিজেলের দাম প্রায় ৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। লাগাতার এই মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।