ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল দাম

মঙ্গলবার থেকে ফের বৃদ্ধি পেল পেট্রল ও ডিজেলের দাম। গত পাঁচ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল। পশ্চিম এশিয়ায় অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারই প্রভাব পড়েছে দেশের জ্বালানির বাজারে।

কলকাতায় মঙ্গলবার থেকে লিটারপিছু পেট্রলের দাম ৯৬ পয়সা বৃদ্ধি পাওয়ায় দাম হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। একই সঙ্গে ডিজেলের দামও ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৮ পয়সায়। এর আগে গত শুক্রবারই পেট্রলের দাম ৩ টাকা ২৯ পয়সা এবং ডিজেলের দাম ৩ টাকা ১১ পয়সা বৃদ্ধি পেয়েছিল। ফলে অল্প সময়ের মধ্যেই জ্বালানির খরচ আরও অনেকটাই বেড়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয়ের বার্তা দেওয়ার পরে গত শুক্রবারই বৃদ্ধি পেয়েছিল জ্বালানির দাম। তার পাঁচ দিনের মাথায় মঙ্গলবার ফের  দাম বাড়ল পেট্রল-ডিজেলের।

শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য মহানগরীতেও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার দিল্লিতে ৮৭ পয়সা বেড়ে পেট্রলের দাম হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯১ টাকা ৫৮ পয়সা। মুম্বাইয়ে পেট্রলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৭ টাকা ৫৯ পয়সা আর ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে হয়েছে ৯৪ টাকা টাকা ৮ পয়সা। চেন্নাইতে পেট্রল ও ডিজেলের দাম ৮২ পয়সা বেড়ে ১০৪ টাকা ৪৯ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ পয়সা বেড়ে ৯৬ টাকা ১১ পয়সা হয়েছে।


বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে ভারতকেও অতিরিক্ত চাপের মুখে পড়তে হচ্ছে, কারণ দেশের প্রয়োজনীয় জ্বালানির বড় অংশই আমদানি করতে হয়। এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার সুরক্ষার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের আবেদন জানিয়েছেন। তিনি মেট্রো ব্যবহার, কারপুলিং এবং প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর উপর জোর দেন। তাঁর মতে, পেট্রল-ডিজেলের ব্যবহার কমানো গেলে বৈদেশিক মুদ্রার অপচয়ও কমবে। প্রধানমন্ত্রীর সেই বার্তার পরেও চলতি মাসে দু’দফায় জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।