বিহারের জনপ্রিয় শিক্ষক তথা ইউটিউবার খান স্যার (Khan Sir) আপাতত স্বস্তিতে। তাঁর আগাম জামিনের আবেদন (Anticipatory Bail) নিয়ে শনিবার পাটনা সিভিল কোর্টে শুনানি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৩০ জুন। ততদিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারি হবে না।
খান স্যার, যার আসল নাম ফৈজল খান, সম্প্রতি তাঁর কোচিং সেন্টারকে ঘিরে ঘটে যাওয়া গুলিচালনার ঘটনার জেরে দায়ের হওয়া একটি মামলায় অভিযুক্ত। অভিযোগ, দুষ্কৃতীরা কোচিং সেন্টারে হামলা চালানোর পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাঁর নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর ঘটনা ঘটে। সেই মামলাতেই এফআইআরে নাম রয়েছে খান স্যারেরও।
শনিবার আদালতে তদন্তকারী সংস্থা মামলার আপডেটেড কেস ডায়েরি জমা দেয়। বিচারক সেই নথি আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখার জন্য সময় চান। সেই কারণেই মামলার শুনানি পিছিয়ে ৩০ জুন করা হয়েছে। আদালতের আগের নির্দেশ অনুযায়ী, ওই দিন পর্যন্ত খান স্যারের বিরুদ্ধে কোনও জোরপূর্বক ব্যবস্থা নেওয়া যাবে না।
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthestatesman1875%2Fposts%2Fpfbid02x1bjjmMtN8CrXqkeNk6ZY4JfJDZG53hvmkYkiC9GSBBMvqtNCwpL51gJxDWuEeagl&show_text=true&width=500″ width=”500″ height=”699″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>
খান স্যারের আইনজীবী অরবিন্দ কুমার মৌয়ার জানান, তাঁর মক্কেল তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তিনি নিয়মিত তদন্তকারী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আদালতের সমস্ত নির্দেশ মেনে চলছেন। একই ঘটনার সঙ্গে যুক্ত নিরাপত্তারক্ষীদের মামলারও শুনানি ৩০ জুন হওয়ার কথা।
দেশের অন্যতম জনপ্রিয় শিক্ষকদের মধ্যে একজন খান স্যার। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে সমসাময়িক নানা বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করার জন্য তাঁর বিপুল জনপ্রিয়তা রয়েছে। ফলে তাঁকে ঘিরে এই মামলার দিকে শুধু বিহার নয়, গোটা দেশেরই নজর রয়েছে। এখন দেখার, ৩০ জুনের শুনানিতে আদালত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে কি না, নাকি তদন্তে নতুন কোনও মোড় সামনে আসে।