ওড়িশার উপকূলের কাছে ডুবল পানামার পতাকাবাহী জাহাজ, নিখোঁজ ২২

Photo: X

ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবল পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি ওশান-উইনার। জাহাজটিতে ১,৭০০ টন লৌহ আকরিক ছিল। দুর্ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

জানা গিয়েছে, জাহাজটি গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টা নাগাদ ওড়িশার পারাদীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চিনের, ৩ জন মায়ানমারের ওবং ১ জন বাংলাদেশের নাগরিক।

২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর মেলে। জাহাজ পরিচালনাকারী সংস্থা ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড এই খবর জানায়। সেই সঙ্গে তারা উদ্ধারকাজে সাহায্যের জন্য অনুরোধ করে।


খবর পাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী দ্রুত তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের বরদ ও অনমোল নামে দুটি জাহাজকে দুর্ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। এর পাশাপাশি শ্রী বিজয়া পুরম থেকে বিজিত নামে আরও একটি জাহাজকে উদ্ধারকাজে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব জাপান, জখম অন্তত ৩০

কোস্ট গার্ড জানিয়েছে, লাইফ র‍্যাফট থেকে ইতিমধ্যে ২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে বাকি ক্রু সদস্যদের সন্ধানে অভিযান চলছে। একজন ঊর্ধ্বতন আইপিএস কর্তা পিটিআইকে জানিয়েছেন, ওই এলাকার অন্যান্য জাহাজগুলিকেও সতর্ক করা হয়েছে। নিখোঁজ ক্রুদের উদ্ধারে সহায়তার জন্য তাদের অনুরোধ করা হয়েছে। তবে জাহাজটি কীভাবে ডুবল, তা এখনও স্পষ্ট নয়। নিখোঁজ ক্রুদের খোঁজে সমুদ্রপথে তল্লাশি চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।