ভোটের মুখে নজিরবিহীন কড়াকড়ি। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে এখন পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে মোট ৮৬৫ কোটিরও বেশি নগদ, মদ, মাদক ও অন্যান্য সামগ্রী। শুক্রবার নির্বাচন কমিশনের প্রকাশিত এক প্রেস নোটে উঠে এসেছে এই তথ্য।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চালানো অভিযানে পশ্চিমবঙ্গে মোট ৪২৭ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, বিপুল পরিমাণ মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু ও বিভিন্ন ধরনের ‘ফ্রিবি’। অন্যদিকে, তামিলনাড়ুতে বাজেয়াপ্ত সামগ্রীর পরিমাণ আরও কিছুটা বেশি—৪৩৮ কোটি টাকা।
নির্বাচন কমিশনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ৭,২৭৮টি এবং তামিলনাড়ুতে ২,২৮৩টি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গে ৩,১৪২টি এবং তামিলনাড়ুতে ২,২২১টি স্ট্যাটিক সারভেল্যান্স টিম বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে। অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, নির্বাচন চলাকালীন সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে নাগরিকদের ‘সি-ভিজিল’ অ্যাপ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
ভোট যত এগিয়ে আসছে, ততই কড়া হচ্ছে নজরদারি। কমিশনের এই পদক্ষেপে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।