পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৫ লক্ষ ৭২ হাজার ভারতীয় যাত্রী দেশে ফিরে এসেছেন বলে জানাল কেন্দ্র। আংশিকভাবে কাতারের আকাশপথ খুলে যাওয়ায় মঙ্গলবার ৮ থেকে ১০টি বিশেষ বাণিজ্যিক উড়ান ভারতে চলাচল করবে বলেও জানানো হয়েছে।
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে সারাদিনে প্রায় ৮৫টি উড়ান চলাচল করছে। নিরাপত্তা ও পরিচালনগত বিষয় বিবেচনা করে সীমিত সংখ্যক বিশেষ উড়ানও চালু রয়েছে। ওমান এবং সৌদি আরব থেকেও নিয়মিত উড়ান পরিষেবা বজায় রাখা হয়েছে।
অন্যদিকে, কুয়েত ও বাহরিনের আকাশপথ এখনও বন্ধ রয়েছে। সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর থেকে ভারতের বিভিন্ন শহরে বিশেষ উড়ান চালানো হচ্ছে।
ইরানের আকাশপথ বন্ধ থাকায় ভারতীয়দের যাতায়াতের জন্য আর্মেনিয়া ও আজারবাইজানের মাধ্যমে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। একইভাবে ইজরায়েলের আকাশসীমায় নিষেধাজ্ঞার কারণে মিশর ও জর্ডান হয়ে যাত্রীদের দেশে ফেরানো হচ্ছে। ইরাকের ক্ষেত্রেও জর্ডন ও সৌদি আরব হয়ে এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দপ্তর। ভারত সরকারের তরফে বিদেশে থাকা ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা ও সতর্কবার্তা জারি করা হচ্ছে বলেও কেন্দ্র জানিয়েছে।
এদিকে, কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক জানিয়েছে, ওই অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী কোনও জাহাজের ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পশ্চিম পারস্য উপসাগর এলাকায় ১৮টি ভারতীয় জাহাজে ৪৮৫ জন নাবিক রয়েছেন। ফলে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
ডিরেক্টরেট জেনারেল অব শিপিং ইতিমধ্যেই ৯৫৯ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জন রয়েছেন। দেশের অন্যান্য বন্দরগুলিতেও স্বাভাবিক কাজকর্ম চলছে। গুজরাত, মহারাষ্ট্র, গোয়া, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির সামুদ্রিক বোর্ডগুলি জানিয়েছে, কোথাও কোনও জটিলতা বা ভিড় নেই।