মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানের কুমারকে অপসারণের দাবিতে সংসদে অভিশংসন প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির। রাজনৈতিক মহলের সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যেই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রস্তাব আনার উদ্যোগ নিতে পারে বিরোধীরা। ইতিমধ্যেই প্রস্তাবের খসড়া তৈরি হয়েছে এবং বিভিন্ন বিরোধী দলের সাংসদদের সই সংগ্রহের কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
বিরোধী শিবিরের নেতাদের একাংশের দাবি, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে খুব শীঘ্রই সংসদে এই প্রস্তাব জমা দেওয়া হবে। সেই লক্ষ্যেই দ্রুত সাংসদদের সমর্থন জোগাড় করার চেষ্টা চলছে। অভিশংসন প্রস্তাব আনার জন্য নির্দিষ্ট সংখ্যক সাংসদের সমর্থন প্রয়োজন হয়, তাই প্রস্তাব পেশের আগে বিরোধীরা সংখ্যার হিসাবও খতিয়ে দেখছে।
এই উদ্যোগের নেতৃত্বে রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবিরের একাধিক বড় দলের নেতাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেন। সেই আলোচনায় কংগ্রেস-সহ আরও কয়েকটি বিরোধী দল তৃণমূলের এই উদ্যোগকে সমর্থন করার ইঙ্গিত দিয়েছে বলে জানা গেছে।
বিরোধী শিবিরের মতে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও কার্যপ্রণালী নিয়ে সাম্প্রতিক সময়ে নানা প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষিতেই মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন বলেই তারা মনে করছে। এই কারণেই অভিশংসন প্রস্তাব আনার বিষয়টি সামনে আনা হয়েছে।
তবে এখনও চূড়ান্তভাবে ঠিক হয়নি সংসদের কোন কক্ষে এই প্রস্তাবটি প্রথমে উত্থাপন করা হবে। লোকসভা নাকি রাজ্যসভা— তা নিয়ে বিরোধী শিবিরের মধ্যে আলোচনা চলছে। বিরোধী নেতাদের একাংশের দাবি, দুই কক্ষেই প্রস্তাব উত্থাপনের জন্য প্রয়োজনীয় সমর্থন তাদের হাতে রয়েছে।
রাজনৈতিক মহলের মতে, যদি এই প্রস্তাব সংসদে আনা হয়, তা হলে তা নিয়ে বড়সড় রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। শাসক ও বিরোধী— দুই পক্ষের মধ্যে নতুন করে মতবিরোধ সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।