‘অপারেশন সিঁদুর’ শেষ নয়, প্রয়োজনে প্রস্তুত ২.০

পহেলগামে জঙ্গি হামলার পর শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি। বর্তমান পরিস্থিতি একটি সাময়িক বিরতি। এমনই বার্তা দিয়ে পাকিস্তানকে ফের কড়া সতর্কবার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাঁর কথায়, ভবিষ্যতে প্রয়োজন হলে ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্যও ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শনিবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, শুধু সেনাবাহিনী নয়, ভারতীয় বায়ুসেনা ও নৌসেনাও যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় সেনার তিন বাহিনীর মধ্যে সমন্বয়ও আরও মজবুত করে তোলা হচ্ছে। একইসঙ্গে আগামী দিনের যুদ্ধের ধরন ও পরিস্থিতির কথা মাথায় রেখে ২৪ ঘণ্টার প্রস্তুতি বজায় রাখছে ভারতীয় সেনা।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানান, আধুনিক যুদ্ধক্ষেত্র এখন অত্যন্ত স্বচ্ছ ও স্পষ্ট। এক পক্ষের প্রায় প্রতিটি গতিবিধিই অন্য পক্ষের নজরে চলে আসে। তাই সেনা মোতায়েন, সেনা পরিচালনা এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। একই সঙ্গে তিনি ইনফরমেশন ওয়ারফেয়ারের গুরুত্বও তুলে ধরেন। তাঁর বক্তব্য, দেশের মানুষ যদি নির্ভরযোগ্য তথ্যের উপর আস্থা রাখে এবং একত্রিত থাকে, তবেই সেই দেশ শেষ পর্যন্ত যুদ্ধে সাফল্য অর্জন করে।


গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগামের বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরস্ত্র সাধারণ মানুষের মৃত্যু হয়। ভারতের দাবি, পাকিস্তান-সমর্থিত জঙ্গিরাই ওই হামলা চালিয়েছিল। হামলার দায় নেয় দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট, যা লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত।

এই হামলার জবাবে ৭ মে গভীর রাতে ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর’। অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা ও সামরিক কেন্দ্রগুলিকে নিশানা করে পাল্টা আক্রমণ করে পাকিস্তান। ভারত সেই হামলা প্রতিহত করে। পাশাপাশি পাল্টা অভিযানে পাকিস্তানের অন্তত ১১টি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায় বলে দাবি।

ভারতীয় সেনার তথ্যানুযায়ী, এই অভিযানে ১০০-র বেশি জঙ্গি এবং প্রায় ৩৫ থেকে ৪০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। অবশেষে পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত। 

সেনাপ্রধান তাঁর বার্তায় স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি শান্ত হলেও ভারত কোনওভাবেই আত্মতুষ্টিতে নেই। ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে আবারও সন্ত্রাসবাদী হামলার চেষ্টা করা হলে তার জবাব আরও কঠোর হবে। সেই কারণেই ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়ে যায়নি। প্রয়োজনে তার পরবর্তী পর্যায়ের জন্যও প্রস্তুত রয়েছে দেশের সেনাবাহিনী।