মধ্যপ্রদেশে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রাক উল্টে মৃত্যু ১, জখম ৩৬

প্রতীকী চিত্র

মধ্যপ্রদেশের খণ্ডওয়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। গুরুতর জখম হয়েছেন আরও ৩৬ জন। শুক্রবার মুন্ডি-সানাওয়াদ সড়কে দুদগাঁওয়ের কাছে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে খুব দ্রুতগতিতে ছুটছিল। হঠাৎই অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এরপর রাস্তা থেকে ছিটকে গিয়ে প্রায় ২৫ থেকে ৩০ ফুট দূরে গিয়ে উল্টে পড়ে ট্রাকটি। এই দুর্ঘটনায় ৬০ বছরের বাবুলাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি তালওয়াড়িয়া গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে অন্তত ৩৬ জন রয়েছেন, যাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ইন্দোরে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, যাত্রীরা সকলেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন। আনন্দের সেই যাত্রা মুহূর্তের মধ্যে শোকের ঘটনায় পরিণত হয়। দুর্ঘটনার পর বহু যাত্রী ট্রাকের নীচে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। অ্যাম্বুল্যান্সের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। প্রথমে সানাওয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁদের খণ্ডওয়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতর আহতদের ইন্দোরে পাঠানো হয়েছে।


পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত যাত্রীবোঝাই, বেপরোয়া ওভারটেকিং এবং চালকের গাফিলতিই এই দুর্ঘটনার মূল কারণ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না এবং চালকের শারীরিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের চিকিৎসা এবং পরিবারগুলির পাশে থাকার জন্য সব রকম সাহায্য করা হচ্ছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, কীভাবে একটি পণ্যবাহী ট্রাকে এত সংখ্যক যাত্রী বহন করা হচ্ছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে।