দূষণ রুখতে নিষেধাজ্ঞা, বিধিনিষেধের প্রথম দিনেই দিল্লিতে ৬৮.৪ লক্ষ টাকা জরিমানা

File Photo

দূষণের কবলে রাজধানী। তাই দূষণরোধে বিধিনিষেধ মেনে চলতে প্রথম দিন থেকেই সতর্ক দিল্লি সরকার। শীতকালীন বায়ুদূষণ মোকাবিলায় বিশেষ পরিকল্পনা কার্যকর হওয়ার প্রথম দিনেই কড়া পদক্ষেপ করল দিল্লি প্রশাসন। রবিবার সন্ধ্যা ৫টা পর্যন্ত দূষণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ৬৮.৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট (PUCC) সংক্রান্ত নিয়ম ভাঙার জন্য ৫৬.৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সীমান্তে গাড়ি প্রবেশের বিধিনিষেধ অমান্য করায় জরিমানা হয়েছে ২ লক্ষ টাকা। প্রায় ১৫ হাজার গাড়ি পরীক্ষা করে ১ হাজার ৫৩৯টি গাড়িকে দিল্লির সীমানা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নির্মাণ ও ভাঙার কাজে ধুলো নিয়ন্ত্রণের নিয়ম লঙ্ঘনের জন্য ৯.৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

দিল্লি ট্রাফিক পুলিশ ও পরিবহণ দপ্তর মোট ১৪ হাজার ৯৩০টি গাড়ি পরীক্ষা করে। এর মধ্যে প্রায় ১০.৩১ শতাংশ গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়। ১২৭টি চালান ও ৬২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সিএনজি, বৈদ্যুতিক গাড়ি ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনকে অবশ্য এই বিধিনিষেধ থেকে ছাড় দেওয়া হয়েছে। এমন ৭৪০টি গাড়িকে যাচাইয়ের পর প্রবেশের অনুমতি দেওয়া হয়।


অন্যদিকে, পিইউসিসি না থাকা গাড়ির বিরুদ্ধে অভিযানে দিল্লি ট্রাফিক পুলিশ ৪৯৩টি চালান দিয়ে ৪৯.৩ লক্ষ টাকা জরিমানা করেছে। পরিবহণ দপ্তর ৭৩টি চালানের মাধ্যমে আদায় করেছে ৭.৩ লক্ষ টাকা। নির্মাণের জায়গায় দূষণ নিয়ন্ত্রণেও অভিযান চালানো হয়। মোট ৩০০টি নির্মাণস্থল পরিদর্শন করে ৩২টিতে নিয়ম লঙ্ঘনের বিষয় ধরা পড়েছে। এর মধ্যে বড় নির্মাণস্থগুলিকে ৪ লক্ষ এবং ছোট নির্মাণস্থলগুলিকে ৫.৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এর পাশাপাশি ১৭টি বন্ধের নির্দেশ ও ১৯টি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এক্স হ্যান্ডলে জানিয়েছেন, দূষণ নিয়ন্ত্রণে গাড়ির প্রবেশবিধি, পিইউসিসি এবং নির্মাণস্থলের ধুলো নিয়ন্ত্রণে নজরদারি চালানো হচ্ছে। শীতকালীন কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ কার্যকর থাকবে। ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লির বাইরে নথিভুক্ত প্রি-বিএস-৬ (প্রি-BS-VI) গাড়ির প্রবেশ নিষিদ্ধ।

আরও পড়ুন: ইন্ডিয়া জোটের সমাবেশের জন্য ১১ হাজার কোটি টাকার ক্ষতি! বিপুল লোকসানের দাবি ব্যবসায়ীদের

১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীর সশরীরে উপস্থিতির নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য নির্মাণকাজে নিষেধাজ্ঞা ও অনুমোদিত পার্কিংয়ে দ্বিগুণ ফি কার্যকর করা হয়েছে।