পুরীর রথযাত্রায় প্রতারকদের ফাঁদ, ২১২ ভুয়ো হোটেল বুকিং সাইট বন্ধ করল পুলিশ

Puri Rath Yatra Arrangement (x.com/SJTA_Puri)

আর মাত্র কয়েক দিন বাকি। তারপরই রথযাত্রার ধূমধাম। ১৬ জুলাই রথ। পুরীতে ভিড় জমাবেন লক্ষ দর্শনার্থী। যাঁদের একটা বড় অংশই আসবেন পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ থেকে। প্রতারকরা এই মওকায় দাঁও মারতে সক্রিয়। তাদের উপর টেক্কা দিয়ে সক্রিয় ওড়িশা পুলিশের অপরাধ দমন শাখা এবং সিআইডি-ক্রাইম ব্রাঞ্চ (CID-CB)। পুণ্যার্থী ও পর্যটকদের ভুয়ো হোটেল বুকিং প্রতারণা (fake hotel booking scam)-সহ নানা ধরনের অনলাইন জালিয়াতি থেকে বাঁচাতে শুরু হয়েছে বিশেষ সাইবার সুরক্ষা সচেতনতা অভিযান (cyber safety awareness campaign)।

কেন এই অভিযান?

ওড়িশার ডিজিপি ওয়াইবি খুরানিয়ার নির্দেশে শুরু হওয়া এই অভিযানে নজর রাখা হচ্ছে ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির ধরনধারণ, নিরাপদ অনলাইন লেনদেনের অভ্যাস এবং প্রতারণার শিকার হলে দ্রুত সহায়তা পাওয়ার ব্যবস্থার উপর। রথযাত্রার মরসুমে প্রতি বছরই একশ্রেণির প্রতারকচক্র আসল হোটেলের নামে হুবহু ভুয়ো ওয়েবসাইট বানিয়ে ফাঁদ পাতে বলে বার বার অভিযোগ উঠেছে। কম দামে ঘর, এমনকি জগন্নাথদেবের ভিআইপি দর্শনের (VIP darshan) মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইউপিআই বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে আগাম টাকা হাতিয়ে নেওয়াই এই চক্রের মূল কৌশল বলে জানাচ্ছে পুলিশ।


রাস্তায় নামল সাইবার রথ

অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় পুরীতে পতাকা নেড়ে যাত্রা শুরু হল বিশেষ সাইবার সুরক্ষা সচেতনতা গাড়ির, যার নাম দেওয়া হয়েছে সাইবার রথ (Cyber Rath)। গোটা মন্দিরনগরী চষে বেড়িয়ে পুণ্যার্থী, পর্যটক, হোটেল মালিক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাইবার সুরক্ষা সংক্রান্ত বার্তা ও সচেতনতামূলক উপকরণ পৌঁছে দিচ্ছে এই গাড়ি।

কত ভুয়ো ওয়েবসাইট?

সিআইডি-ক্রাইম ব্রাঞ্চের সোশ্যাল মিডিয়া ইউনিট (Social Media Unit) এখনও পর্যন্ত চলতি বছরে মোট ২১২টি ভুয়ো হোটেল ওয়েবসাইট এবং ২৬টি প্রতারণামূলক হোটেল ওয়েবপেজ চিহ্নিত করে বাতিল করেছে। শুধু জুন মাসেই বাতিল হয়েছে ৫০টি ভুয়ো ওয়েবসাইট এবং ২৬টি ভুয়ো ওয়েবপেজ, যা থেকেই স্পষ্ট রথযাত্রা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে অনলাইন প্রতারণার প্রবণতা। বিগত এক বছরে গোটা রাজ্যে এমন শতাধিক ভুয়ো হোটেল বুকিং সাইট বন্ধ করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

হোটেল মালিকদের সঙ্গে বৈঠক

প্রতারণা রুখতে শুধু প্রশাসনিক তৎপরতাই যথেষ্ট নয়, প্রয়োজন হোটেল ব্যবসায়ীদের সহযোগিতাও। সেই লক্ষ্যেই শনিবার সন্ধ্যায় পুরী রিজার্ভ পুলিশ লাইনে পুরী হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের (Puri Hotel Owners’ Association) সঙ্গে বৈঠকে বসছে সিআইডি-ক্রাইম ব্রাঞ্চ। প্রকৃত হোটেল কর্তৃপক্ষকে পুণ্যার্থীদের কাছে সাইবার সুরক্ষা বার্তা পৌঁছে দেওয়ার কাজে সামিল করাই এই বৈঠকের উদ্দেশ্য। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইউনিট প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, যাতে উৎসবকেন্দ্রিক জালিয়াতি চিহ্নিত করে দ্রুত রুখে দেওয়া যায়।

বাংলার পুণ্যার্থীদের জন্য কী সতর্কতা?

প্রতি বছর রথযাত্রার সময় পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী পুরী যান, ফলে এই ধরনের প্রতারণার আশঙ্কা তাঁদের ক্ষেত্রেও কম নয়। পুলিশের পরামর্শ, হোটেলের সরকারি ওয়েবসাইট বা যাচাই করা প্ল্যাটফর্ম ছাড়া বুকিং না করাই শ্রেয়। অস্বাভাবিক কম দামের অফার বা আকর্ষণীয় ছাড়ের প্রলোভনে পা না দিয়ে বুকিংয়ের বিবরণ সরাসরি হোটেলের সঙ্গে যাচাই করে নেওয়া জরুরি। অচেনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউপিআই আইডি বা কিউআর কোডে আগাম টাকা পাঠানো থেকে বিরত থাকার কথাও বলছে পুলিশ। সন্দেহজনক কোনও ওয়েবসাইট বা লেনদেনের মুখোমুখি হলে জাতীয় সাইবার হেল্পলাইন 1930 নম্বরে অভিযোগ জানানো যেতে পারে।