চার্জে মোবাইল, কানে ইয়ারফোন! বজ্রপাতে মর্মান্তিক পরিণতি

প্রতীকী চিত্র

এক কিশোরের মৃত্যু হয়েছে ওড়িশার কোরাপুট জেলায়। ঘটনাটি ঘটেছে নন্দপুর ব্লকের কোসান্দি পঞ্চায়েতের দারেঙ্গাবা গ্রামে। মৃত কিশোরের নাম ভাগীরথী সিসা। তার বাবা হলেন জগন্নাথ সিসা। ঘটনার পর গ্রামে শোকের ছায়া ছড়িয়েছে।

বুধবার সন্ধ্যায় নন্দপুর এলাকায় ভারী বৃষ্টি হয়। সঙ্গে ছিল ঘন ঘন বজ্রপাত ও তীব্র মেঘের গর্জন। সেই সময় ভাগীরথী বাড়িতে ছিল। তখন তার হাতে ছিল মোবাইল ফোন এবং কানে ছিল ইয়ারফোন। এমন সময় বজ্রপাত হয় এবং তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

পরিবার তাকে নন্দপুরের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছনোর আগে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।


মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমে যায়। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। গ্রামে শোকের আবহ বিরাজ করে।

পরিবারের দাবি, বজ্রপাত হয়েছিল প্রবল বৃষ্টির মধ্যে। সেই সময় ভাগীরথী মোবাইল ফোন ব্যবহার করছিল এবং সেটি চার্জে ছিল। চার্জে থাকা মোবাইল ফোনই সরাসরি বজ্রপাতে মৃত্যুর কারণ কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে পুলিশ বা প্রশাসনের তরফে এখনও কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

এই ঘটনা বজ্রপাতের সময় সতর্ক থাকার প্রয়োজনীয়তা আবার সামনে এনেছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ভয়ানক বজ্রপাতের সময় খোলা জায়গা এড়াতে হবে।  পাশাপাশি তারযুক্ত বৈদ্যুতিক যন্ত্র বা চার্জে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করাই নিরাপদ। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।