২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই দেশের সংসদীয় ও বিধানসভা আসনসংখ্যায় বড়সড় পরিবর্তন আসতে পারে। কেন্দ্রের সংশোধিত সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন পরিকল্পনা অনুযায়ী, লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বেড়ে প্রায় ৮১৬ হতে পারে। সেই সঙ্গে রাজ্য বিধানসভাগুলিতেও ৫০ শতাংশ আসন বাড়ানোর প্রস্তাব রয়েছে। এর পাশাপাশি লোকসভা ও বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদিত এই প্রস্তাবে রাজ্যগুলির মধ্যে লোকসভা আসনের আনুপাতিক বন্টন ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ, জনসংখ্যার তারতম্যের ভিত্তিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে আসন পুনর্বন্টন না করে প্রতিটি রাজ্যের বর্তমান আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানো হবে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, উত্তরপ্রদেশের লোকসভা আসন ৮০ থেকে বেড়ে ১২০ হতে পারে। তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে প্রায় ৫৯ হওয়ার সম্ভাবনা। ফলে আসন বাড়লেও লোকসভায় রাজ্যগুলির আনুপাতিক প্রতিনিধিত্বে বড় পরিবর্তন হওয়ার কথা নয়। দক্ষিণের রাজ্যগুলির রাজ্যগুলির রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার আশঙ্কা দূর করতেই এই পদ্ধতি নেওয়া হয়েছে বলে কেন্দ্রের দাবি। যদিও কংগ্রেসের বক্তব্য, আনুপাতিক হার বজায় থাকলেও উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর মধ্যে আসনের সংখ্যাগত ব্যবধান বাড়বে।
প্রস্তাবিত সংবিধান সংশোধনীতে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা রয়েছে। রাজ্য বিধানসভার সর্বোচ্চ আসনসংখ্যাও ৫০০ থেকে ৬৫০ করা হতে পারে। তবে এগুলি সর্বোচ্চ সীমা, চূড়ান্ত আসনসংখ্যা নয়। আসন বন্টনের ক্ষেত্রে ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে বিদ্যমান রাজ্যভিত্তিক অনুপাত বজায় রাখার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে, নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণে সর্বশেষ প্রকাশিত জনগণনার তথ্য ব্যবহার করা হবে। ২০১১ সালের জনগণনাই আপাতত সেই ভিত্তি হতে পারে। মহিলা সংরক্ষণের ক্ষেত্রে ২০২৩ সালের ১০৬তম সংবিধান সংশোধনী আইনের বাস্তবায়নও ত্বরান্বিত করার প্রস্তাব রয়েছে। নতুন কাঠামোয় লোকসভা ও বিধানসভায় প্রায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে।
নতুন বিলটি ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে পেশ করার পরিকল্পনা রয়েছে। তবে কার্যকর করতে সংসদের উভয় কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এরপর ডিলিমিটেশন কমিশন গঠন করে আসন বন্টন ও সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে হবে। কেন্দ্রের লক্ষ্য, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই গোটা প্রক্রিয়া শেষ করা।