সুপ্রিম কোর্টে বাড়ল বিচারপতির সংখ্যা, চারটি অতিরিক্ত পদ তৈরির অনুমোদন রাষ্ট্রপতির

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্টে অতিরিক্ত চারটি বিচারপতির পদ তৈরির অনুমোদন দিয়েছেন। এর ফলে দেশের শীর্ষ আদালতে বিচারপতির নির্ধারিত সংখ্যা ৩৩ থেকে বেড়ে দাঁড়াল ৩৭-এ। কেন্দ্রীয় আইন মন্ত্রকও এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সাধারণত সংসদের অধিবেশনে আইন পাশ করিয়েই সুপ্রিম কোর্টে নতুন বিচারপতির পদ সৃষ্টি করা হয়। তবে বর্তমানে সংসদের অধিবেশন না থাকায় সংবিধানের ১২৩ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দেওয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিচারব্যবস্থার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি ছিল বলেই অধ্যাদেশ জারির পথ বেছে নেওয়া হয়েছে। পরবর্তীকালে এই সিদ্ধান্ত সংসদের উভয় কক্ষে পাশ করিয়ে আইনে পরিণত করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে সুপ্রিম কোর্টে ৩২ জন বিচারপতি রয়েছেন। অর্থাৎ নির্ধারিত সংখ্যার তুলনায় একটি পদ খালি রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন আরও পাঁচ জন বিচারপতি নিয়োগ করা সম্ভব হবে। শেষবার গত আগস্টে গুজরাত হাইকোর্টের বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলিকে শীর্ষ আদালতে নিয়োগ করা হয়েছিল। আইনজীবী মহলের একাংশের মতে, দেশে ক্রমবর্ধমান মামলার চাপ সামাল দিতেই কেন্দ্রের এই পদক্ষেপ। বিচারপতির সংখ্যা বাড়লে সাংবিধানিক বেঞ্চ গঠন, গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানি এবং দীর্ঘদিনের মামলার জট কমাতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।