নিটের পুনঃপরীক্ষার আগে কড়া নিরাপত্তা, দেশজুড়ে মক ড্রিল চালাবে এনটিএ

নিট-ইউজি ২০২৬ পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস ও অনিয়মের বিতর্কের পর এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা  বা এনটিএ। ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট পুনঃপরীক্ষা যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও সুরক্ষিতভাবে হয়, তার জন্য শনিবার দেশজুড়ে বিশেষ মক ড্রিলের আয়োজন করা হয়েছে।

সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মহড়া। জানা গিয়েছে, দেশজুড়ে আড়াই লক্ষেরও বেশি নিরাপত্তাকর্মী ও আধিকারিক এতে অংশ নেবেন। পরীক্ষাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। প্রশ্নপত্র ও ওএমআর শিটের নিরাপত্তার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর হাতে। ৫ হাজারেরও বেশি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারি এবং অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হবে। 

এনটিএ জানিয়েছে, এই মহড়ার মূল উদ্দেশ্য হল বিভিন্ন সংস্থা ও প্রশাসনিক বিভাগের মধ্যে সমন্বয় কতটা প্রস্তুত, তা শেষবারের মতো যাচাই করে নেওয়া।এর মধ্যেই সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবে এনটিএ সেই দাবি সম্পূর্ণ খারিজ করেছে। সংস্থার বক্তব্য, ভিডিওতে দেখানো প্যাকেটের সঙ্গে সরকারি পরীক্ষার কোনও মিল নেই।

এমনকি সেখানে বাধ্যতামূলক ওএমআর শিটও দেখা যাচ্ছে না। পরীক্ষার্থীদের বিভ্রান্ত করতেই ভিডিওটি ছড়ানো হয়েছে বলে দাবি এনটিএর। অন্যদিকে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসি দেশের সব মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। ২০ ও ২১ জুন জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ছুটি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।