এলওসি-র নামে অতিরিক্ত ফি নয়, স্কুলগুলিকে নির্দেশ সিবিএসই-র

প্রতীকী চিত্র

মীনাক্ষী ভট্টাচার্য

ছাত্রছাত্রী ও অভিভাবকদের আর্থিক চাপ কমাতে বড় পদক্ষেপ নিল সিবিএসই। বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, দশম শ্রেণির দ্বিতীয় বোর্ড পরীক্ষার জন্য এলওসি (লিস্ট অফ ক্যান্ডিডেটস) জমা দেওয়ার সময় কোনও স্কুল অতিরিক্ত বা অযৌক্তিক ফি নিতে পারবে না।

সিবিএসই-র নজরে এসেছে, কিছু স্কুল এলওসি জমার সময় অতিরিক্ত টিউশন ফি, এমনকি কয়েক মাসের ফি একসঙ্গে নিচ্ছিল। এই ধরনের কাজ সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ বলে জানিয়ে তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড বলেছে, শুধুমাত্র নির্ধারিত পরীক্ষার ফি-ই নেওয়া যাবে, এর বাইরে কোনও অর্থ নেওয়া যাবে না।


বোর্ড আরও সতর্ক করেছে, এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফলে অভিভাবকদের অযথা আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে। এলওসি জমার পুরো প্রক্রিয়াটি তিনটি ধাপে করা হবে। প্রথম ধাপে শুধুমাত্র ছাত্রদের নাম নথিভুক্ত করা হবে, এখানে কোনও ফি লাগবে না। এর মাধ্যমে বোর্ড পরীক্ষার্থীর সংখ্যা বুঝতে পারবে।

দ্বিতীয় ও তৃতীয় ধাপে ছাত্ররা চাইলে বিষয় পরিবর্তন, যোগ বা বিয়োগ করতে পারবে। এই পর্যায়েই নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে হবে। পুরো প্রক্রিয়াটি স্কুলের মাধ্যমেই সম্পন্ন হবে। সিবিএসই সব স্কুলকে নির্দেশ দিয়েছে, নিয়ম মেনে স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে কোনও ছাত্র বা অভিভাবক আর্থিকভাবে সমস্যায় না পড়েন।