ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সাত বিদেশিকে গ্রেপ্তার করেছে এনআইএ। তাঁদের মধ্যে একজন আমেরিকান এবং বাকি ছয়জন ইউক্রেনীয়। অভিযুক্তদের কাছে ভারতের বৈধ ভিসা ছিল। তা নিয়েই তারা ভারতে প্রবেশ করেছিল। কিন্তু কোনও অনুমতি ছাড়াই তারা মিজ়োরামে চলে যায়। তারা লুকিয়ে সীমান্ত পেরিয়ে মায়ানমার চলে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। সেখানে ভারতবিদ্বেষী কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে।
তদন্তকারীরা দাবি করছেন, ইউরোপ থেকে অবৈধভাবে ভারতে আনা ড্রোনগুলিও মিজোরামে পৌঁছনো হয়েছিল এবং সেগুলি ভারতবিদ্বেষী গোষ্ঠীগুলির কাছে পৌঁছনো হয়। এনআইএ সূত্রে জানা গিয়েছে, এসব ড্রোনগুলি ইউরোপ থেকে অবৈধভাবে ভারতে আনা হয়েছিল এবং তারপর সেগুলি মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীকে পাঠানো হয়েছিল। সাত বিদেশির বিরুদ্ধে এই অপরাধের জন্য সাহায্য করার অভিযোগ উঠেছে।
এনআইএ অভিযান চালিয়ে অভিযুক্তদের বিভিন্ন বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। আমেরিকান নাগরিককে কলকাতা বিমানবন্দর থেকে এবং বাকি ছয়জনকে লখনউ ও দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়। তাদের পরবর্তী সময়ে দিল্লিতে আনা হয় এবং সেখানে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আদালত অভিযুক্তদের তিন দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে, যা পরে ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।
এনআইএ কর্তৃপক্ষ জানায়, অভিযুক্তদের ভারতে প্রবেশের পথ এবং তাদের অপরাধের পিছনে থাকা আর্থিক লেনদেনের খোঁজ নেওয়া হচ্ছে। এজন্য তাঁদের মোবাইল ডেটা বিশ্লেষণ করা হবে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।