সংসদের বাইরে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী জানান, মঙ্গলবারই তিনি লোকসভায় বক্তব্য রাখার সুযোগ পাবেন। প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানের বই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বই নিয়েই তিনি সংসদে কথা বলতে পারবেন বলে দাবি করেন কংগ্রেস নেতা। রাহুলের কথায়, এই বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে তাঁর কথা হয়েছে এবং একটি সমঝোতা হয়েছে।
সূত্রের খবর, সংসদ বারবার মুলতুবি হওয়ার পর স্পিকার ওম বিড়লা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। এদিকে সংসদের বাইরে জনসমক্ষে ভারতে অপ্রকাশিত একটি বই হাতে মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর হতে পারে বলেও জল্পনা ছড়ায় রাজনৈতিক মহলে।
সোমবার সংসদ মুলতুবি হওয়ার পর স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের কেসি বেণুগোপাল এবং ডিএমকে নেতা টিআর বালু। বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা সংসদ চালাতে চায়, তবে নিজেদের বক্তব্য পেশ করার সুযোগও চাইছে। তিনি জানান, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এই দাবি জানানো সম্পূর্ণ যুক্তিসঙ্গত।