দেশের শীর্ষ অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-র নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ আইপিএস অফিসার মহেশ দীক্ষিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রীসভার নিয়োগ কমিটি বা এসিসি তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশ ক্যাডারের ১৯৯৩ ব্যাচের এই আইপিএস আধিকারিক আগামী ৩০ জুন বর্তমান আইবি প্রধান তপন তুমার ডেকার স্থলাভিষিক্ত হবেন।
সরকারি নির্দেশ অনুযায়ী, বর্তমানে আইবির স্পেশাল ডিরেক্টর হিসেবে কর্মরত মহেশ দীক্ষিত দায়িত্ব গ্রহণের দিন থেকে ২ বছরের জন্য অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পদে থাকবেন। এই নিয়োগ কার্যকর করতে তাঁর চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে।
মহেশ দীক্ষিতকে দেশের অন্যতম অভিজ্ঞ গোয়েন্দা আধিকারিক হিসেবে গণ্য করা হয়। চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে তিনি ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা, মাওবাদী আন্দোলন দমন, আন্তঃসীমান্ত অনুপ্রবেশ রুখতে গোয়েন্দা অভিযান এবং উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
জম্মু-কাশ্মীর ও লেহ নিয়ে গঠিত আইবির সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন দীক্ষিত। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়া, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জম্মু ও কাশ্মীরের অভিজ্ঞতা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় দীক্ষিতের দক্ষতা, পাকিস্তান-সমর্থিত জঙ্গি কার্যকলাপ ও সীমান্ত অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।