আসাম বন্যা দুর্গতদের জন্য আর্থিক সাহায্য নীতা আম্বানির

হিমন্ত বিশ্বশর্মা (Photo: Anuwar hazarika/IANS)

আসামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আবারও দাঁড়াল রিল্যায়েন্স ফাউন্ডেশন  । বন্যা দুর্গতদের দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তার জন্য সরাসরি আসামের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে  ২১ কোটি টাকা অনুদান দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি । রিল্যায়েন্সের এই মহানুভবতা ও মানবিকতার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  ।

‘এক্স’-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, “যখনই অসম কোনও কঠিন সংকটের মুখোমুখি হয়েছে, রিল্যায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি সবসময় অসমের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। কোভিড-১৯ মহামারির কঠিন দিনগুলিতে আমাদের রাজ্যবাসীর জন্য তিনি যেভাবে সময়মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তা আমি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবারও আপার অসমের বন্যাকবলিত পরিবারগুলির পাশে দাঁড়াতে তিনি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২১ কোটি টাকা তুলে দিয়ে সেই একই মানবিকতার পরিচয় দিলেন।”

চেক দেওয়া বা আর্থিক অনুদানেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি রিল্যায়েন্স। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অর্থ সাহায্যের পাশাপাশি রিল্যায়েন্স ফাউন্ডেশনের বিশেষ ফিল্ড টিম উপদ্রুত এলাকাগুলিতে রাতদিন এক করে কাজ চালিয়ে যাচ্ছে। বন্যাকবলিত মানুষদের পুষ্টিকর খাবার সরবরাহ, জরুরি জনস্বাস্থ্য পরিষেবা প্রদান, অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা এবং গৃহপালিত পশুর সুরক্ষা নিশ্চিত করার কাজও হাতে নেওয়া হয়েছে।


রিল্যায়েন্স ফাউন্ডেশনের দুর্যোগ ব্যবস্থাপনা বা ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট’ পেশাদার টিম স্থানীয় জেলা প্রশাসন ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত চাহিদা সমীক্ষা চালায়। এরপরই চারদিকের জনস্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি সামলানো, পুষ্টিকর খাবার ও ত্রাণ পৌঁছে দেওয়ার মতো বহুমাত্রিক কর্মসূচি জোরকদমে শুরু করা হয়েছে।

ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম -এর গত ৩১ জুলাইয়ের সরকারি রিপোর্ট অনুযায়ী, অসমের অন্তত পাঁচটি জেলা জুড়ে এক লক্ষ ৯২ হাজারের (১.৯২ লাখ) বেশি মানুষ এই ভয়াবহ প্লাবনে চরমভাবে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছেন। বিপদের এই সময় সরকারের পাশে রিল্যায়েন্স ফাউন্ডেশনের এই সুসংহত সাহায্য বন্যা দুর্গত হাজার হাজার পরিবারকে আবার ঘুরে দাঁড়াতে অনেকটাই বল জোগাবে বলে মনে করছে প্রশাসন।