২১ জুন নীট ইউজি পরীক্ষা, ধর্মেন্দ্র প্রধানের বাড়ির বৈঠকে সিদ্ধান্ত

আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে প্রশ্নফাঁস বিতর্কের জেরে বাতিল হওয়া নীট ইউজি-২০২৬ পরীক্ষা ফের । শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পরই নতুন দিন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে এনটিএ।

এনটিএ-র তরফে জানানো হয়েছে, পরীক্ষাকে সম্পূর্ণ নিরাপদ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য ভাবে আয়োজন করতেই নতুন করে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপর ভরসা রাখার আবেদনও জানানো হয়েছে।

গত ৩ মে আয়োজিত নীট ইউজি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর বাতিল করে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় দেশজুড়ে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী চরম অনিশ্চয়তার মুখে পড়েন। এই ঘটনা ঘিরে গোটা দেশে প্রতিযোগিতামূলক পরীক্ষার নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


পরীক্ষা বাতিলের দু’দিন পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে উচ্চ স্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুনরায় পরীক্ষা আয়োজনের সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা সচিব বিনীত যোশী, স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার, এনটিএ-র ডিজি অভিষেক সিংহ, সিবিএসই সভাপতি রাহুল সিংহ-সহ একাধিক শীর্ষ আধিকারিক।

অন্যদিকে, প্রশ্নফাঁস মামলার তদন্তে বড় চক্রের ইঙ্গিত পেয়েছে সিবিআই। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত এই মামলায় গ্রেপ্তার পাঁচ অভিযুক্তকে সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে মাঙ্গিলাল বিওয়াল, দীনেশ বিওয়াল, বিকাশ বিওয়াল, শুভম খৈরনার এবং যশ যাদব।

আদালতে সিবিআই দাবি করেছে, পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার জন্য একটি সংগঠিত চক্র কাজ করছিল। তদন্তকারীদের দাবি, দীনেশ বিওয়াল অন্য অভিযুক্তদের সঙ্গে যোগসাজশ করে প্রশ্নপত্র ছড়াতে সাহায্য করেছিলেন।

সিবিআই আরও জানিয়েছে, কিছু মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে। ফলে প্রমাণ নষ্টের আশঙ্কাও তৈরি হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রশ্নপত্র ফাঁস করে একাধিক পরীক্ষার্থীর কাছে প্রায় ১২ লক্ষ টাকার বিনিময়ে তা বিক্রি করা হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, নিজের ছেলের জন্য প্রশ্নপত্র জোগাড় করতে শুভম খৈরনারের সঙ্গে যোগাযোগ করেছিলেন মাঙ্গিলাল বিওয়াল। পরে সেই প্রশ্নপত্র যশ যাদবের মাধ্যমে আরও ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আদালত আগামী ২০ মে ফের সমস্ত অভিযুক্তকে হাজির করার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বাড়ছে। একই সঙ্গে পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রের উপর চাপও বাড়ছে।