রাজস্থানের নিমরানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল চার জনের, যাদের মধ্যে রয়েছে সাত বছরের এক শিশুও। একটি স্ক্র্যাপ গুদামে আগুন লাগার পর ভয়ঙ্কর বিস্ফোরণে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মোহলাদিয়া গ্রামের কাছে একটি গুদামে, যেখানে বিপুল পরিমাণ পরিত্যক্ত সামগ্রী মজুত ছিল। আগুন লাগার সময় গুদামের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। আচমকাই আগুন ছড়িয়ে পড়ায় তাঁরা ভিতরেই আটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন দ্রুত পাশের একটি কারখানায় ছড়িয়ে পড়ে। এরপর একটি তীব্র বিস্ফোরণ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। গুদামের গেটের সামনে থাকা একটি গাড়িতে আগুন লেগে যাওয়ায় বেরোনোর পথ বন্ধ হয়ে যায়। প্রাণ বাঁচাতে শ্রমিকরা পাঁচিল টপকে পালানোর চেষ্টা করলেও সফল হননি।
খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
প্রশাসনের আশঙ্কা, ওই সময় গুদামের ভিতরে আরও শ্রমিক থাকতে পারেন। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয়দের দাবি, এখনও অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন।
পুলিশ জানিয়েছে, মৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হবে। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাবেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।