অসুস্থ এনসিপি নেতা শরদ পাওয়ার, পুণের হাসপাতালে ভর্তি

’সপ্তাহের ব্যবধানে ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শরদ পাওয়ার। এনসিপি-র প্রধানকে রবিবার পুনরায় ভর্তি করা হয়েছে  পুণের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, ৮৫ বছর বয়সি এনসিপি নেতা শরদের শরীরে ডিহাইড্রেশন দেখা দিয়েছে। তাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

হাসপাতালের প্রধান কার্ডিয়োলজিস্ট ও ম্যানেজিং ট্রাস্টি পারভেজ গ্রান্ট  এক বিবৃতিতে জানান, শিরার মাধ্যমে তরল দেওয়ার প্রয়োজন হওয়ায় শরদ পওয়ারকে অন্তত দু’দিন হাসপাতালে রাখতে হবে। তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে। চিকিৎসক দলে রয়েছেন অভিজিৎ লোধাও।  প্রবীন নেতার চিকিৎসক পারভেজ গ্রান্ট জানিয়েছেন, ‘শরদ পাওয়ারের অবস্থা আপাতত স্থিতিশীল। দু’দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। তার পরে ছেড়ে দেওয়া হতে পারে।’

এর আগে চলতি মাসের ৯ ফেব্রুয়ারি গলায় সংক্রমণ, কাশি এবং বুকে চাপ অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঁচ দিন চিকিৎসার পর ১৪ ফেব্রুয়ারি তিনি বাড়ি ফেরেন। জানা গিয়েছে, বারামতির বাড়িতে এক রাতে প্রবল কাশির পরই শারীরিক অবস্থার অবনতি হয়। বয়সজনিত কারণে চিকিৎসকেরা তখনও বিশেষ সতর্কতা অবলম্বন করেছিলেন। কিন্তু শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। শরদকে রবিবার ওই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।


নয়ের দশকে মুখগহ্বরে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। দেশে এবং আমেরিকায় একাধিক অস্ত্রোপচারের পর শরদ পাওয়ার সুস্থ হয়ে ওঠেন। এদিকে, সম্প্রতি পারিবারিক শোকও তাঁকে মানসিকভাবে আঘাত দিয়েছে। গত ২৮ জানুয়ারি এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন শরদ। দলীয় কর্মী-সমর্থকেরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন এবং আশা করছেন, শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন।