ভুবনেশ্বর, ২ মার্চ — মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের আবহে উপসাগরীয় দেশগুলিতে আটকে থাকা ওড়িশার বাসিন্দাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি পদক্ষেপের দাবি জানালেন বিরোধী দলনেতা এবং বিজু জনতা দল সভাপতি নবীন পট্টনায়ক।
সোমবার সমাজমাধ্যমে এক বার্তায় নবীন পট্টনায়ক জানান, পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত পরিস্থিতির জেরে ওড়িশার বহু পরিযায়ী শ্রমিক, পেশাজীবী, ছাত্র এবং পর্যটক বিদেশে আটকে পড়েছেন। বিমান চলাচলে বিঘ্ন এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তাঁদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, সংঘাতপূর্ণ এলাকা থেকে আটকে থাকা সমস্ত ওড়িয়াকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপ চেয়ে দ্রুত উদ্ধার পরিকল্পনা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন। নবীন পট্টনায়কের কথায়, দ্রুত পদক্ষেপ নিলে শুধু আটকে পড়া মানুষদের জীবনই সুরক্ষিত হবে না, তাঁদের পরিবারের উদ্বেগও অনেকটাই কমবে।
এর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাজি কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার ইতিমধ্যেই ওড়িশা-সহ দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে ইরান-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে থাকা ছাত্র, শ্রমিক, পর্যটক এবং পেশাজীবীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরাও দ্রুত উদ্ধার অভিযানের আশায় কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে রয়েছেন।